ঢাবিতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ডিআইইউসাসের মানববন্ধন
ডিআইইউ সংবাদদাতা || রাইজিংবিডি.কম
পেশাগত দায়িত্ব পালনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদ ও জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতি (ডিআইইউসাস)।
রবিবার (২৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, “দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা গণমাধ্যমের স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকারের ওপর সরাসরি আঘাত।” এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে দ্রুত জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান তারা।
ডিআইইউসাসের সভাপতি কালাম মুহাম্মদ বলেন, “পেশাগত দায়িত্ব পালনকালে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যদের ওপর যে বর্বর হামলা হয়েছে, আমরা তার তীব্র নিন্দা জানাই। সাংবাদিকদের ওপর হামলা মানে মুক্তবুদ্ধির চর্চায় বাধা সৃষ্টি করা। অবিলম্বে দোষীদের বিচারের আওতায় আনতে হবে।”
তিনি আরো বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো ঐতিহ্যবাহী শিক্ষাঙ্গনে এমন ন্যাক্কারজনক ঘটনা গভীর উদ্বেগজনক। দোষীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করলে ভবিষ্যতে এ ধরনের সহিংসতা বাড়তে পারে।”
ডিআইইউসাসের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল খায়ের বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় মুক্তচিন্তা, গণতান্ত্রিক মূল্যবোধ ও গণমানুষের অধিকারের সূতিকাগার হিসেবে পরিচিত। সেই বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির নেতৃবৃন্দসহ ১২ জন পেশাদার সাংবাদিকের ওপর হামলা শুধু নিন্দনীয় নয়, জাতির জন্যও লজ্জাজনক।”
তিনি আরো বলেন, “ছাত্রদলের প্রতি আহ্বান, সহিংসতায় জড়িত নেতাকর্মীদের দ্রুত চিহ্নিত করে সাংগঠনিকভাবে ব্যবস্থা নিন। অন্যথায় এ ধরনের কর্মকাণ্ড সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করবে এবং জনসমর্থন কমিয়ে দেবে।”
ডিআইইউসাসের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম বলেন, “ঢাবির সাংবাদিকদের ওপর এই হামলা কেবল ব্যক্তিগত আঘাত নয়, এটি ক্যাম্পাস সাংবাদিকতার ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায় হয়ে থাকবে। সাংবাদিকদের কণ্ঠ রোধের চেষ্টা কখনোই গ্রহণযোগ্য নয়। আমরা দ্রুত বিচার নিশ্চিত করার জোর দাবি জানাই।”
মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন সংগঠনের ভারপ্রাপ্ত সহ-সভাপতি মো. নাইমুর রহমান ইমন, কোষাধ্যক্ষ মো. আল শাহারিয়া সুইট, সহ দপ্তর ও প্রচার সম্পাদক মো. হৃদয় এবং সদস্য মো. শহিদুল ইসলাম সোহেল।
ঢাকা/ফয়সাল/জান্নাত