ঢাকা     শুক্রবার   ০৮ মে ২০২৬ ||  বৈশাখ ২৫ ১৪৩৩ || ২০ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বিশ্ববিদ্যালয়ে যেন দলীয়করণ না হয়: নাহিদ ইসলাম

চবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৭, ৮ মে ২০২৬   আপডেট: ১৪:৩৪, ৮ মে ২০২৬
বিশ্ববিদ্যালয়ে যেন দলীয়করণ না হয়: নাহিদ ইসলাম

বৃহস্পতিবার চবি উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আল-ফোরকানের সঙ্গে নাহিদ ইসলামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, “গণতান্ত্রিক সহাবস্থান গুরুত্বপূর্ণ। বিশ্ববিদ্যালয়ে যেন দলীয়করণ না হয়। আমাদের সমাজ এমনিতেই সংকুচিত। বিশ্ববিদ্যালয়গুলোও সংকুচিত হলে জাতি হিসেবে আমরা পিছিয়ে পড়ব।”

বৃহস্পতিবার (৭ মে) রাত ৮টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আল-ফোরকানের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। 

আরো পড়ুন:

এ সময় নাহিদ ইসলাম চবি উপাচার্যকে বলেন, “এই বিশ্ববিদ্যালয় থেকেই ছাত্র-শিক্ষক আন্দোলন এগিয়ে গেছে। আমাদের প্রত্যাশা থাকবে, শিক্ষার্থীদের পড়াশোনা, জীবনমান ও সুযোগ-সুবিধা আরো বাড়বে। বিশ্ববিদ্যালয়গুলো শক্তিশালী না হলে রাষ্ট্রের অন্যান্য প্রতিষ্ঠানও টিকে থাকতে পারে না। গত ১৬ বছর বিশ্ববিদ্যালয় ও শিক্ষাখাত ক্ষতিগ্রস্ত করার কারণে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে।”

গণতান্ত্রিক সহাবস্থান গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি আরো বলেন, ‘‘আপনি ভিসি, আপনাকে আমরা কোনো দলের প্রতিনিধি হিসেবে দেখতে চাই না। এখানে সব দলের সহাবস্থান থাকবে। নিয়মের মধ্যে থেকে তারা মতপ্রকাশ ও কার্যক্রম পরিচালনা করবে। বিশ্ববিদ্যালয়ে যেন দলীয়করণ না হয়।’’ 

চবি উপাচার্য বলেন, “আপনারাও সহযোগিতা করবেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দিকে খেয়াল রাখবেন। ইনশাআল্লাহ, সবাইকে সঙ্গে নিয়ে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারব।”

সভায় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. কামাল উদ্দিন, কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক জোবাইরুল হাসান আরিফসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

ঢাকা/মিজানুর/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়