ঢাকা     বুধবার   ১৩ মে ২০২৬ ||  বৈশাখ ৩০ ১৪৩৩ || ২৬ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বিধিবহির্ভূত নিয়োগের অভিযোগ, দায়িত্ব নিলেন না কুবি শিক্ষক

কুবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩২, ১৩ মে ২০২৬  
বিধিবহির্ভূত নিয়োগের অভিযোগ, দায়িত্ব নিলেন না কুবি শিক্ষক

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কলা ও মানবিক অনুষদের নবনিযুক্ত ডিন অধ্যাপক এম এম শরীফুল করীম বিশ্ববিদ্যালয়ের আইন অনুসরণ না করে ডিন নিয়োগ দেওয়া হয়েছে অভিযোগ তুলে দায়িত্ব গ্রহণে অপারগতা প্রকাশ করেছেন। এ নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্তকে ঘিরে আলোচনা তৈরি হয়েছে।

বুধবার (১৩ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন বিষয়টি জানিয়েছেন।

আরো পড়ুন:

মঙ্গলবার (১২ মে) রেজিস্ট্রার বরাবর পাঠানো এক চিঠিতে দায়িত্ব গ্রহণে অপারগতার কথা জানান অধ্যাপক এম এম শরীফুল করীম। চিঠিতে তিনি উল্লেখ করেন, ১০৯ তম সিন্ডিকেট সভায় ডিন নিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণে অস্পষ্টতা রয়েছে এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইন-২০০৬ অনুযায়ী কলা ও মানবিক অনুষদের ডিন নিয়োগ বিধিবহির্ভূত মনে হওয়ায় তিনি এ দায়িত্ব গ্রহণে বিব্রত ও অপারগ।

এ বিষয়ে অধ্যাপক এম এম শরীফুল করীম বলেন, “ডিন নিয়োগে যে বিধি রয়েছে, সে বিধি মোতাবেক ডিন নিয়োগ হয়নি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চাইলে একক বিশেষ ক্ষমতাবলে যেকোনো সিদ্ধান্ত নিতে পারেন। তবে সেটি সুনির্দিষ্ট কোনো প্রেক্ষাপটে হতে হয়। কিন্তু কোন প্রেক্ষাপটে ডিন নিয়োগ দেওয়া হয়েছে, তা অফিস আদেশে উল্লেখ করা হয়নি। যদি একক ক্ষমতাবলে ডিন নিয়োগ দেওয়া হতো, তাহলে আইনের কোন ধারায় এবং কোন প্রেক্ষাপটে এ নিয়োগ দেওয়া হয়েছে, সেটি উল্লেখ থাকা উচিত ছিল।”

তিনি আরো বলেন, “৫ আগস্ট-পরবর্তী জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট এবং গত ১৩ মার্চ ডিনদের মেয়াদ শেষ হওয়ার সময় একটি বিশেষ পরিস্থিতি ছিল। তখন তো একক ক্ষমতাবলে ডিন পরিবর্তন করা হয়নি। এখন কোন উদ্দেশ্যে এটি করা হলো, তা বোধগম্য নয়। সিন্ডিকেটে যেখানে আইন বিশেষজ্ঞের মতামত নিয়ে ডিন নিয়োগ দেওয়ার কথা বলা হয়েছে, সেখানে কোনো আইন বিশেষজ্ঞের মতামত ছাড়াই নিজেদের ইচ্ছামতো, কোনো প্রেক্ষাপট উল্লেখ না করে নিয়মবহির্ভূতভাবে কীভাবে ডিন নিয়োগ দেওয়া হলো। এ কারণে আমি বিষয়টি নিয়ে বিব্রত এবং দায়িত্ব গ্রহণে অপারগতা প্রকাশ করেছি।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, “আমি চিঠি পেয়েছি। তিনি যেহেতু দায়িত্ব পালন করতে অপারগতা প্রকাশ করেছেন, তাহলে আমাদের আরেকজনকে দায়িত্ব দিতে হবে। কিছু করার নেই।”

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. হায়দার আলী বলেন, “এটি অন্তর্বর্তীকালীন সময়ের জন্য দায়িত্ব প্রদান করা হয়েছে। সিন্ডিকেটে সিদ্ধান্ত হয়েছে, আইন বিশেষজ্ঞের মতামত নিয়ে পরবর্তীতে পূর্ণাঙ্গভাবে ডিন নিয়োগ দেওয়া হবে। আপাতত কিছু দিনের জন্য তাদের অন্তর্বর্তীকালীন দায়িত্ব দেওয়া হয়েছে। পুরো প্রক্রিয়াটি আইন মেনেই সম্পন্ন করা হয়েছে।”

প্রসঙ্গত, গত ১১ মে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক অফিস আদেশে অধ্যাপক এম এম শরীফুল করীমকে কলা ও মানবিক অনুষদের ডিন হিসেবে নিয়োগ দেওয়া হয়।

ঢাকা/এমদাদুল/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়