ঢাকা     মঙ্গলবার   ১০ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিশ্বব্যাংকের ঋণ পেতে বাস্তবায়নযোগ্য শর্ত চেয়েছেন অর্থ উপদেষ্টা

বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৬, ১৭ সেপ্টেম্বর ২০২৪  
বিশ্বব্যাংকের ঋণ পেতে বাস্তবায়নযোগ্য শর্ত চেয়েছেন অর্থ উপদেষ্টা

আর্থিক খাতের সংস্কার ও বাজেট সহায়তার অংশ হিসেবে বিশ্বব্যাংকের কাছে ঋণ সহায়তা চেয়েছে বাংলাদেশে। এই ঋণ পেতে বিশ্বব্যাংক যে শর্ত দেবে, তা যেন বাস্তবায়নযোগ্য হয়, সে দাবি জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) অর্থ উপদেষ্টার কার্যালয়ে বিশ্ব ব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের কান্ট্রি ডিরেক্টর ম্যাথিও এ ভার্জিনসের সঙ্গে বৈঠককালে এ দাবি জানান অর্থ উপদেষ্টা। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, আমরা বলেছি, রিফর্মগুলোর জন্য আমাদের বাজেট সাপোর্ট দরকার। বিশ্বব্যাংক মাল্টিন্যাশনাল হিসেবে আমাদের সবচেয়ে বড় ডোনার। কাজেই তাদের সহায়তা দরকার। আমাদের লিকুইডিটির বিষয়ে কথা বলেছি। তারা সম্মত হয়েছে। আমি ওয়াশিংটনে আবার কথা বলব। আজকের আলোচনা মোটামুটি ইতিবাচক। তারা ওপেন মাইন্ড। আরও আলোচনা হবে। আলোচনাটা মেইনলি হবে, আমরা সংস্কার কীভাবে করব। 

বাজেট সহায়তার বিষয়ে তারা কী বলেছে? সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, এই বছর এবং আগামী বছরের জন্য বাজেট সহায়তা চেয়েছি আমরা। আশা করছি, তা পেয়ে যাব। 

বিশ্বব্যাংক কোনো শর্ত দিয়েছে কি না? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, শর্তের বিষয় আসবে, যখন ঋণ দেবে। আমাদের কতগুলো পদক্ষেপ নিতে হবে। আমরা দেখব এটা যে, বাস্তবায়ন যোগ্য কি না। এমন শর্ত দেবে না, যা আমরা বাস্তবায়ন করতে পারব না। আমরা সোজাসোজি বলেছি, সংস্কারের বিষয়ে যেসব জিনিস বাস্তবায়ন যোগ্যহয়, সে ধরনের কতগুলো পদক্ষেপ নিতে হবে।

বাংলাদেশ ব্যাংকের একটি সূত্র জানিয়েছে, আর্থিক খাত সংস্কারে বাংলাদেশকে ১০০ কোটি ডলার ঋণ সহায়তা দেবে বিশ্বব্যাংক। এর মধ্যে পলিসিবেজড লোন হিসেবে ৭৫০ মিলিয়ন ডলার এবং ইনভেস্টমেন্ট লোন ও গ্যারান্টি ফ্যাসিলিটি হিসেবে ২৫০ মিলিয়ন ডলার ঋণ সহায়তা দেওয়া হবে।

আগামী ডিসেম্বরের মধ্যে বিশ্বব্যাংকের বোর্ডে এ ঋণ অনুমোন হওয়ার কথা রয়েছে। তবে, ঋণ পেতে তিনটি শর্ত পালন করতে হবে বাংলাদেশকে। সেগুলো হলো—বেসরকারি খাতে অ্যাসেস ম্যানেজমেন্ট কোম্পানি করা, আন্তর্জাতিক মানদণ্ডে খেলাপি ঋণের নতুন সংজ্ঞায়ন এবং নতুন গঠিত টাস্কফোর্সের অডিট ফার্মের কার্যবিবরণী বিশ্বব্যাংকে উপস্থাপন করা।

এ বিষয়ে সাংবাদিকদের পক্ষ থেকে অর্থ উপদেষ্টাকে প্রশ্ন করা হয়, বাংলাদেশ ব্যাংক থেকে বলেছে, বিশ্বব্যাংক আর্থিক খাতের সংস্কারে ১ বিলিয়ন ডলার ঋণ দেবে। এর উত্তরে সাহেলউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশ ব্যাংক যদি বলে থাকে, আমি আর এর মধ্যে কিছু বলব না।

 হাসনাত/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়