ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফেনীতে এসিল্যান্ড প্রত্যাহার, অনশন ভাঙলেন তারিকুল

ফেনী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৯, ৬ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৯:২২, ৬ ফেব্রুয়ারি ২০২৬
ফেনীতে এসিল্যান্ড প্রত্যাহার, অনশন ভাঙলেন তারিকুল

প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণ ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রত্যাহারের দাবিতে অনশন করছিলেন গণঅধিকার পরিষদের প্রার্থী তারিকুল ইসলাম ভূঁইয়া। ৩২ ঘণ্টা পর তিনি অনশন ভেঙেছেন। 

শুক্রবার বিকালে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের প্রতিনিধি দল তার দাবির পরিপ্রেক্ষিতে ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার জসিম উদ্দিনকে নির্বাচনি কার্যক্রম থেকে প্রত্যাহারের সিদ্ধান্তের কথা জানালে তারিকুল ইসলাম অনশন প্রত্যাহার করেন। এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তারা তাকে পানি পান করিয়ে অনশন ভাঙান।

সরেজমিনে দেখা যায়, বৃহস্পতিবার সকাল থেকে ৪–৫ জন কর্মীকে সঙ্গে নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের মূল ফটকে প্ল্যাকার্ড হাতে অনশন চালিয়ে যান তারিকুল ইসলাম ভূঁইয়া। অনশন চলাকালে ফেনী-২ আসনের একাধিক প্রতিদ্বন্দ্বী প্রার্থী, জেলা রিটার্নিং কর্মকর্তা ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে অনশন থেকে সরে যাওয়ার অনুরোধ জানান। তবে এসিল্যান্ড প্রত্যাহারের দাবিতে তিনি অনড় থাকেন।

শুক্রবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়। পরে বিকেলে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকারিয়াসহ অন্যান্য কর্মকর্তারা তারিকুল ইসলাম ভূঁইয়ার কাছে গিয়ে এসিল্যান্ড প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন।

এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকারিয়া বলেন, ‘‘গণঅধিকার পরিষদের প্রার্থী তারিকুল ইসলাম ভূঁইয়া ও এবি পার্টির প্রার্থী পৃথকভাবে জসিম উদ্দিনের বিরুদ্ধে অশোভন আচরণের অভিযোগ করেন। এসব অভিযোগের ভিত্তিতে স্থানীয় সরকার উপপরিচালক তদন্ত করেন এবং শুক্রবার সকালে শুনানি অনুষ্ঠিত হয়। সার্বিক বিবেচনায় নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখা ও প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করতে জসিম উদ্দিনকে মাঠপর্যায়ের সব নির্বাচনি কার্যক্রম থেকে বিরত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’’

অনশন ভাঙার পর তারিকুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘‘আমি প্রশাসনের কাছে সুবিচার পেয়েছি। আমার দাবি ছিল এসিল্যান্ড জসিম উদ্দিনকে প্রত্যাহার করা। সেটি আমলে নিয়ে তাকে প্রত্যাহার করা হয়েছে। এটা দেশবাসীর বিজয়, গণমাধ্যমের বিজয় এবং যারা আমার দাবির সঙ্গে একাত্মতা পোষণ করেছেন, এটি তাদেরও বিজয়।’’

ঢাকা/সাহাব/ 

সর্বশেষ

পাঠকপ্রিয়