ঢাকা     রোববার   ১০ মে ২০২৬ ||  বৈশাখ ২৭ ১৪৩৩ || ২৩ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

আড়ংয়ের ব্যাগ বিক্রির টাকায় বন, গাছ পাবেন ৪০ হাজার নারী

জ্যেষ্ঠ প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫২, ১০ মে ২০২৬  
আড়ংয়ের ব্যাগ বিক্রির টাকায় বন, গাছ পাবেন ৪০ হাজার নারী

আড়ংয়ের কাগজের ব্যাগ বিক্রির পুরো টাকা দিয়ে দেশে মিয়াওয়াকি পদ্ধতিতে ঘন বন তৈরি করবে পরিবেশবাদী সংগঠন মিশন গ্রিন বাংলাদেশ। ব্র্যাকের সহযোগী প্রতিষ্ঠান আড়ং ও এমজিবির যৌথ উদ্যোগে এই বিশেষ বনায়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে।  

রবিবার (১০ মে) ঢাকার ব্র্যাক সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন আড়ংয়ের ব্যবস্থাপনা পরিচালক তামারা আবেদ। তিনি বলেন, টেকসই সামাজিক ব্যবসার অংশ হিসেবে পরিবেশের প্রতি দায়বদ্ধতা থেকেই এই সিদ্ধান্ত। এখন থেকে গ্রাহকদের কেনা প্রতিটি ব্যাগ সরাসরি বনায়নে কাজে লাগবে।  

আড়ংয়ের ‘নিজের ব্যাগ আনুন’ ক্যাম্পেইনের মাধ্যমে গত সাত মাসে প্রায় ৪৭ লাখ কাগজের ব্যাগ সাশ্রয় হয়েছে। এতে আনুমানিক ৬ হাজার গাছ রক্ষা পেয়েছে। একই সময়ে ব্যাগ বিক্রি থেকে আড়ং পেয়েছে ২ কোটি ৮৯ লাখ ৯০ হাজার ৮১২ টাকা। এই পুরো অর্থই বনায়ন ও পরিবেশ রক্ষায় ডোনেশন হিসেবে দেওয়া হবে।  

তামারা আবেদ জানান, এই তহবিলে তিনটি কাজ হবে। প্রথমত, দরিদ্র ৪০ হাজার নারীকে ৮০ হাজার গাছ দেওয়া হবে। দ্বিতীয়ত, নওগাঁর বরেন্দ্র অঞ্চলে ৫০ হাজার বৃক্ষরোপণ করা হবে। তৃতীয়ত, ডেমরা ও রূপগঞ্জে মিশন গ্রিন বাংলাদেশের কারিগরি সহায়তায় ২০ হাজার গাছের দুটি মিয়াওয়াকি বন গড়ে তোলা হবে।  

সংবাদ সম্মেলনে মিশন গ্রিন বাংলাদেশের নির্বাহী পরিচালক আহসান রনি বলেন, প্রচলিত বনের চেয়ে মিয়াওয়াকি বন ১০ গুণ দ্রুত বাড়ে এবং ৩০ গুণ বেশি ঘন হয়। বাংলাদেশের জলবায়ু সংকটে শহরের তাপমাত্রা কমাতে এবং দ্রুত সবুজায়নে এটি কার্যকর পদ্ধতি।  

তিনি আরও বলেন, ছোট জায়গায় করা এই ঘন বনগুলো অল্প সময়েই নিজস্ব ইকোসিস্টেম তৈরি করে। এতে স্থানীয় পাখি-পতঙ্গ ফিরে আসে, প্রচুর কার্বন শোষণ হয় এবং মাটির ক্ষয়ও রোধ হয়।  

আয়োজকরা জানান, এই উদ্যোগের মাধ্যমে গ্রাহকের সাধারণ কেনাকাটার অভ্যাসকেই পরিবেশ রক্ষার কাজে যুক্ত করা হলো।  

সংবাদ সম্মেলনে ব্র্যাক ও আড়ংয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রিন্ট, অনলাইন ও টিভি মিডিয়ার সাংবাদিক এবং মিশন গ্রিন বাংলাদেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা আশা প্রকাশ করেন, এই প্রকল্প বাংলাদেশের সবুজায়নে নতুন দিগন্ত খুলবে।
 

ঢাকা/এএএম//

সর্বশেষ

পাঠকপ্রিয়