জুটিবদ্ধ মম-শিপন
বিনোদন ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম। চলচ্চিত্রের পাশাপাশি নাটক-টেলিফিল্মের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। তারই ধারাবাহিকতায় ‘সারপ্রাইজ ডে’ নাটকে শিপন মিত্রর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করলেন এই অভিনেত্রী।
রুদ্র মাহফুজ রচিত নাটকটি পরিচালনা করেছেন কাজী সাইফ আহমেদ। গল্প প্রসঙ্গে তিনি জানান, জয়ী ও রুমেলের পাঁচ বছরের সংসার। জয়ী ভীষণ স্বামী ভক্ত। কিন্তু রুমেল গোপনে অন্য নারীর সঙ্গে সময় কাটায়। রুমেল ব্যবসার কথা বলে রাফা নামের এক মেয়ের সঙ্গে সময় কাটাতে গাজীপুর যায়। রাফার বিবাহবিচ্ছেদ হয়েছে এবং উশৃঙ্খল স্বভাবের। এদিকে দু-তিন দিন পরই জয়ী ও রুমেলের বিবাহবাষির্কী।
রুমেলকে চমকে দিতে গাজীপুরের উদ্দেশ্যে রওনা হয় জয়ী। মাঝপথে হঠাৎ দেশের প্রতিভাবান লেখক ও নাট্যকার আকিব হায়দারের সঙ্গে দেখা হয় তার। জয়ী ও আকিব একসঙ্গে পড়াশোনা করেছে। শুধু তাই নয়, তারা পরস্পরকে ভালোবাসত। আকিবও গাজীপুর রিসোর্টে যাচ্ছে। রিসোর্টে গিয়ে জয়ী ও আকিবের সঙ্গে রাফার দেখা হয়। রাফা জয়ীর কলেজ জীবনের বান্ধবী। এক পর্যায়ে দেখা যায়— রুমেলও সেই একই রিসোর্টে রাফার সঙ্গে সময় কাটাতে এসেছে। তারপর গল্পে নতুন মোড় আসে বলেও জানান তিনি।
এতে জয়ী চরিত্রে অভিনয় করেছেন জাকিয়া বারী মম। রুমেল চরিত্রে অভিনয় করেছেন শিপন মিত্র। আকিব হায়দার চরিত্রে অভিনয় করেছেন এস. এন. জনি। আর রাফা চরিত্রে দেখা যাবে শ্যামন্তি শৌমিকে। এছাড়াও অভিনয় করেছেন সবুজ, আশরাফুল আলম সোহাগ প্রমুখ।
গাজীপুরের বিভিন্ন স্থানে নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। রাসেল সিদ্দিকী প্রযোজিত এ নাটকটি আগামী ৩ মে রাত ৯টায় বেসরকারি টেলিভিশন চ্যানেলে এটিএন বাংলায় প্রচারিত হবে।
রাইজিংবিডি/ঢাকা/১ মে ২০১৯/শান্ত
রাইজিংবিডি.কম