‘এই সময়ে শুভশ্রীকে আরো আগলে রাখছি’
রাজ চক্রবর্তী, শুভশ্রী গাঙ্গুলি
‘পরিবারে এখন খুশির হাওয়া বইছে। এই সময়ে শুভকে (শুভশ্রীকে) আরো আগলে রাখছি। চারিদিকে যা অবস্থা। একটু চিন্তা হচ্ছে। তবে আমাদের দুই মা-ই খেয়াল রাখছে ওর। তা ছাড়া খাওয়াদাওয়ার ব্যাপারে ও এমনিতেই সচেতন। এখন আরো বেশি নিজের দিকে নজর দিচ্ছে।’—পরিচালক রাজ চক্রবর্তী ভারতীয় একটি সংবাদমাধ্যমে এসব কথা বলেন।
আজ সকালে শুভশ্রী মা হওয়ার খবর জানিয়েছেন। তবে এ বিষয়ে শুভশ্রীর বর রাজকে কথা বলতে দেখা যায়নি। অবশেষে জীবনের এই আনন্দঘন সময়ে নিজের অভিব্যক্তির প্রকাশ করতে গিয়ে এসব কথা বলেন তিনি।
অন্যদিকে শুভশ্রী বলেন—‘এই লকডাউনে পরিবারকে এমন একটা খবর দিতে পেরে নিজেও খুব খুশি। আমার মা আর শাশুড়িকে এত খুশি হতে আগে কখনো দেখিনি। রাজ তো সকাল থেকেই সবার ফোন ধরে যাচ্ছে। ও নিজেও খুব খুশি।’
এর আগে শুভশ্রী তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেন। তাতে দেখা যায়, মুখোমুখি শুয়ে আছেন রাজ চক্রবর্তী ও শুভশ্রী। এতে শুভশ্রীর বেবি বাম্প বোঝা যাচ্ছে। রাজের হাতে একটি নেমপ্লেট। তাতে লেখা, ‘বেবি কামিং ২০২০।’ ছবিটির ক্যাপশনে শুভশ্রী লিখেছেন—আমাদের দ্বিতীয় বিবাহবাষির্কীতে আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমাদের ধরে রাখতে আরো একটি হাত থাকবে, ভালোবাসার জন্য আরো একটি হৃদয়। আমরা অন্তঃসত্ত্বা।
শুধু ফেসবুক নয়, টুইটার, ইনস্টাগ্রামেও এই সুখবর জানিয়েছেন শুভশ্রী। এরই মধ্যে টলিউডের সহকর্মী ও ভক্তদের শুভেচ্ছায় ভাসছেন এই দম্পতি।
রাজ-শুভশ্রী প্রেমের সম্পর্কে জড়ানোর পর জলঘোলা কম হয়নি। ২০১৮ সালের ৬ মার্চ বাগদানের মধ্য দিয়ে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটান এই জুটি। ওই বছরের ১১ মে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা।
ঢাকা/শান্ত
রাইজিংবিডি.কম