‘নির্ঘুম রাত কাটিয়ে স্বস্তির সকাল পেলাম’
বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম
আজমেরী হক বাঁধন
আন্দোলন-সংগ্রাম ও নির্বাসনের অধ্যায় পেরিয়ে দেশের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মাধ্যমে সরকার গঠনের পথে এগোচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
নির্বাচনে বিজয়ীদের নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন চব্বিশের গণঅভ্যুত্থানে সক্রিয় ভূমিকা পালনকারী অভিনেত্রী আজমেরী হক বাঁধন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) তার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে উচ্ছ্বাসের কথা বলেন এই অভিনেত্রী।
আজমেরী হক বাঁধন বলেন, “আমাদের সবার জন্য গর্বের মুহূর্ত এটি। শাবাশ বাংলাদেশ! নির্ঘুম একটি রাত কাটিয়ে চমৎকার ও স্বস্তির সকাল পেলাম! কৃতজ্ঞ এবং গভীরভাবে গর্ব অনুভব করছি।”
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের অভিবাদন জানিয়েছেন বাঁধন। এ অভিনেত্রী বলেন, “যারা বিজয়ী হয়েছেন তাদেরকে হৃদয় থেকে আন্তরিক অভিবাদন। যারা জিততে পারেনি, তাদের জন্য এই অভিজ্ঞতাই এক ধরনের বিজয়। এটি আমাদের দেশ। আমাদের সম্মান ও ঐক্য নিয়ে একসঙ্গে এগিয়ে যেতে হবে। সেটাই আমাদের চূড়ান্ত লক্ষ্য।”
বাঁধন তার স্ট্যাটাসে এ ছবি পোস্ট করেছেন
বাঁধন তার পোস্টে দুটো ছবি শেয়ার করেছেন। একটিতে বোরকা পরিহিত অবস্থায় দেখা যায় তাকে। এ বিষয়ে বাঁধন বলেন, “এই ছবিটি বিশেষভাবে তাদের জন্য, যারা আমাকে ‘বোরকা কিনতে’ বলেছিলেন। জানিয়ে রাখা ভালো, ছোটবেলা থেকেই নিয়মিত বোরকা পরি। আমার কাছে এটি কেবলই একটি পোশাক, এর বেশি কিছু নয়, কমও নয়। দৈনন্দিন জীবনে আমরা যেমন পায়জামা পরি, চুলে তেল দিই তেমনই আরকি! যারা ট্রল, অপমান বা হেনস্তা করার চেষ্টা করেন, এটি তাদের জন্যও।”
ঢাকা/শান্ত