ঢাকা     শনিবার   ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘জানি সত্যর জয় চিরদিনই হয়, বিএনপি তার বড় প্রমাণ’

জ্যেষ্ঠ প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩০, ১৪ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৭:৪১, ১৪ ফেব্রুয়ারি ২০২৬
‘জানি সত্যর জয় চিরদিনই হয়, বিএনপি তার বড় প্রমাণ’

নন্দিত লোকসংগীত শিল্পী দিলরুবা খান নতুন গান প্রকাশে নিয়মিত না হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভাবনা ও মতামত প্রকাশে সক্রিয়। রাজনৈতিকভাবে সচেতন এই শিল্পী ফেসবুক পোস্টে নিজের ভাবনা প্রকাশ করেন। সর্বশেষ তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বিজয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন।

ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে দিলরুবা খান লেখেন, “অভিনন্দন প্রধানমন্ত্রী তারেক রহমান! শহীদ জিয়ার আদর্শ আর বেগম খালেদা জিয়ার আপসহীন সংগ্রামের প্রতিফলন আজ আপনার এই বিজয়ে আমরা গর্বিত। আপনি দেশের বাইরে থেকেও দলকে ধরেছেন শক্ত হাতে, আজ তারই সুফল ভোগ করবে পুরো বাংলাদেশ। দীর্ঘ ১৭ বছরের ত্যাগ, জেল-জুলুম আর প্রবাস জীবনের অবসান ঘটিয়ে আজ লাল-সবুজের পতাকার হাসিতে আপনার প্রতিদান মিলল।”

তিনি আরো লিখেন, “জানি সত্যর জয় চিরদিনই হয় ধৈর্যের আছে ফল, বিএনপি তার বড় প্রমাণ তারেক জিয়াই বল।”

সবশেষে তিনি লিখেন, ‘ইনশাআল্লাহ, আপনার নেতৃত্বে সুশাসন প্রতিষ্ঠা হবেই এবং ঘুচবে সকল দুঃখের শেষ। তারেক জিয়া নামটি মানেই সোনার বাংলাদেশ!”

এদিকে দিলরুবা খান সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং তার বড় ছেলে তারেক রহমানকে নিয়ে একটি পুঁথি ও একটি কিসসা গেয়েছেন বলেও জানা গেছে।

দিলরুবা খানের ভাষ্য অনুযায়ী, ঐতিহ্যবাহী পুঁথির ছন্দ এবং কিসসার বর্ণনাভঙ্গিতে তিনি খালেদা জিয়া ও তারেক রহমানের জীবন ও রাজনৈতিক সংগ্রামের কিছু দিক তুলে ধরার চেষ্টা করেছেন। তার মতে, এটি কেবল ব্যক্তিকেন্দ্রিক কাজ নয়; বরং লোকসংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ ধারা পুনরুজ্জীবিত করার উদ্যোগও বটে।

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে স্মৃতি নিয়ে তিনি জানান, ২০০৩ সালের ২৭ সেপ্টেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হাত থেকে তিনি ‘জিসাস প্রদত্ত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্মাননা—জিয়া স্বর্ণপদক’ গ্রহণ করেন। সেই মুহূর্তকে তিনি জীবনের অন্যতম গৌরব বলে উল্লেখ করেন। 

দিলরুবা খান বলেন, “সেদিন আপনি স্নেহভরে বলেছিলেন— সময় করে তোমার কাছ থেকে ‘পাগল মন’ আর ‘রেললাইন বহে সমান্তরাল’—এই দুটি গান শুনবো। আমার দুর্ভাগ্য, আমি আর আপনাকে সেই গান দুটি শোনাতে পারলাম না।” 

ঢাকা/রাহাত

সর্বশেষ

পাঠকপ্রিয়