শাফিনের সমাধি ফুলে ফুলে ছেয়ে দিলেন স্ত্রী-সন্তানেরা
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
‘আজ জন্মদিন তোমার’—জনপ্রিয় এই গানের শিল্পী, মাইলস ব্যান্ডের ভোকাল ও গিটারিস্ট শাফিন আহমেদের আজ জন্মদিন। বিশেষ এই দিনে প্রয়াত এই সংগীতশিল্পীকে গভীর ভালোবাসা ও শ্রদ্ধায় স্মরণ করেছেন তার স্ত্রী ও সন্তানেরা।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর বনানী কবরস্থানে শাফিন আহমেদের সমাধিতে ফুলের পাপড়ি ছিটিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানান পরিবারের সদস্যরা। এ সময় সমাধির সামনে দাঁড়িয়ে শাফিন আহমেদ, তার মা ফিরোজা বেগম এবং বাবা কমল দাসগুপ্তের কবর জিয়ারত করেন শাফিনের ছেলে আজরাফ আহমেদ ওজি, স্ত্রী ডা. রুমানা দৌলা এবং মেয়ে রানিয়াহ দৌলা আহমেদ।
কবরস্থান থেকে ফিরে শাফিনপুত্র ওজি জানান, জন্মদিন উপলক্ষে বড় কোনো আয়োজন তারা করেননি। তবে সন্ধ্যায় পারিবারিকভাবে একত্র হয়ে বাবাকে নিয়ে স্মৃতিচারণ করবেন তারা।
আজরাফ আহমেদ ওজি বলেন, “সার্বিক পরিস্থিতি বিবেচনায় বড় রকমের কোনো আয়োজন আমরা করিনি। তবে পারিবারিকভাবে বাবাকে স্মরণ করবো আমরা। সবাই মিলে বসে বাবার স্মৃতিচারণ করবো।”
উল্লেখ্য, ২০২৪ সালের ২৫ জুলাই যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শাফিন আহমেদ। তার মৃত্যুতে বাংলাদেশের ব্যান্ড সংগীতাঙ্গনে নেমে আসে গভীর শোকের ছায়া।
১৯৮০ সালে ভোকাল ও রিদম গিটারিস্ট হিসেবে মাইলস ব্যান্ডে যোগ দেন শাফিন আহমেদ। ১৯৮২ সালে ফরিদ, কামাল, হামিন, শাফিন ও মানাম—এই দলটি ‘মাইলস মাইলস’ শিরোনামে একটি ইংরেজি কাভার অডিও অ্যালবাম প্রকাশ করে।
১৯৮৩ সালে ব্যক্তিগত কারণে তিনি ব্যান্ড ছেড়ে যুক্তরাজ্যে চলে যান। ১৯৯০ সালে যুক্তরাজ্য থেকে ফিরে আবারও মাইলসে যোগ দেন, এবার ভোকাল ও বেজ গিটারিস্ট হিসেবে। ১৯৯১ সাল থেকে মাইলসের লাইনআপে ছিলেন হামিন আহমেদ, মানাম আহমেদ, মিল্টন আকবর এবং শাফিন আহমেদ।
১৯৯২ সালে মাইলসের প্রথম বাংলা অ্যালবাম ‘প্রতিশ্রুতি’ প্রকাশিত হয়। ওই অ্যালবামে মানাম আহমেদের সুরে বহুল আলোচিত ‘চাঁদ তারা’ গানটি গেয়ে শ্রোতাদের হৃদয়ে স্থায়ী জায়গা করে নেন শাফিন আহমেদ।
শাফিনের গাওয়া উল্লেখযোগ্য গানগুলো হলো-‘ফিরিয়ে দাও’, ‘ধিকি ধিকি’, ‘চাঁদতারা’, ‘জ্বালা জ্বালা’, ‘পিয়াসী মন’, ‘ভুলব না তোমাকে’, ‘তোমার আশায়’, ‘স্বপ্নভঙ্গ’, ‘প্রথম প্রেমের মতো’, ‘পাহাড়ি মেয়ে’, ‘জাদু’, ‘দরদিয়া’, ‘জাতীয় সঙ্গীতের দ্বিতীয় লাইন’, ‘পলাশীর প্রান্তর’, নীলা’ ‘আচেনা জীবন’।
মাঝে দুবার শাফিন আহমেদ মাইলস ছেড়ে একক ক্যারিয়ারে মন দেন। পরে ২০১৯ সালের শেষ দিকে শেষবারের মতো মাইলস ত্যাগ করে তিনি গড়ে তোলেন নিজের দল ‘ভয়েজ অব মাইলস’।
কিংবদন্তি সংগীতজ্ঞ ও সুরকার কমল দাসগুপ্ত এবং নজরুলসংগীত শিল্পী ফিরোজা বেগমের ছোট ছেলে শাফিন আহমেদ। সংগীতের সেই ঐতিহ্য তার পরিবারে প্রজন্ম থেকে প্রজন্মে প্রবাহিত হয়েছে।
শাফিন আহমেদের অনুপ্রেরণায় সংগীতচর্চা শুরু করেন তার ছেলে আজরাফ আহমেদ ওজি। র্যাপ গানের চর্চা করা এই তরুণ শিল্পী শিগগিরই প্রকাশ করবেন তার নতুন গান ‘পাঠাও’।
ঢাকা/রাহাত