ঢাকা     সোমবার   ১৩ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ৩০ ১৪৩২ || ২৪ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

আশা ভোসলের নিষিদ্ধ গান নিয়ে কতটা জানেন

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪০, ১৩ এপ্রিল ২০২৬   আপডেট: ১১:৪৪, ১৩ এপ্রিল ২০২৬
আশা ভোসলের নিষিদ্ধ গান নিয়ে কতটা জানেন

আশা ভোসলে

গতকাল পরপারে পাড়ি জমিয়েছেন ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোসলে। তার আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ সংগীতাঙ্গন। কর্মজীবনে অসংখ্য গান কণ্ঠে তুলেছেন; যেগুলোর মধ্যে কয়েকটি কাল্ট ফেভারিট হয়ে ওঠে। তবে একটা সময় অল ইন্ডিয়া রেডিওতে নিষিদ্ধ করা হয়েছিল তার একটি গান। পরে সেই গানের জন্যই জিতে নেন ফিল্মফেয়ার পুরস্কার। 

আশা ভোসলে তার ইউটিউব সিরিজ ‘মোমেন্টস ইন টাইম’-এর এক পর্বে জানিয়েছিলেন, তার গানটি সারা ভারতে নিষিদ্ধ করা হয়েছিল। মূলত, এটি অল ইন্ডিয়া রেডিও এবং দূরদর্শনে নিষিদ্ধ করা হয়েছিল। গানের ভিডিওতে মাদকের ব্যবহার দেখানো হয়েছিল। গানের কথাগুলো নিয়েও আপত্তি উঠেছিল। পরে ভারত সরকার গানটিকে ভারতীয় সংস্কৃতির পরিপন্থী আখ্যা দিয়ে নিষিদ্ধ করেছিল। 

আরো পড়ুন:

আশা ভোসলের গাওয়া নিষিদ্ধ গানটি হলো—‘দম মারো দম’। এ গানের কথা লিখেছিলেন আনন্দ বক্সি। সংগীতায়োজন করেছিলেন আর ডি বর্মন। গানটি ব্যবহার করা হয় ‘হরে রাম হরে কৃষ্ণ’ সিনেমায়। এ সিনেমা মুক্তি পায় ১৯৭১ সালে। তারপর কেটে গেছে ৫৫ বছর। এখনো গানটির জনপ্রিয়তা হারায়নি। এই গানে পারফর্ম করে অভিনেত্রী জিনাত আমান রাতারাতি তারকা বনে যান। কেবল তাই নয়, গানটি আশা ভোসলের অন্যতম সেরা কাজ হিসেবেও বিবেচিত। 

ভারত সরকার রেডিও ও টেলিভিশনে নিষিদ্ধ করার পরও এ গানের জন্য আশা ভোসলে ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন। গানটির সঙ্গে আরো একটি গল্প জড়িত। দেব আনন্দ ছিলেন ‘হরে রাম হরে কৃষ্ণ’ সিনেমার পরিচালক। সিনেমা থেকে তিনি গানটি বাদ দিতে চেয়েছিলেন। কিন্তু আশা ভোসলের গানটি এতটাই পছন্দ হয়েছিল যে, দেব আনন্দকে এটি না সরানোর অনুরোধ করেন। তারপর গানটি সিনেমাটিতে রাখা হয়।  

বলে রাখা ভালো, রবিবার (১২ এপ্রিল) মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আশা ভোসলে। তার বয়স হয়েছিল ৯২ বছর। গত ১১ এপ্রিল শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এই শিল্পী। 

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়