ঢাকা     সোমবার   ১৩ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ৩০ ১৪৩২ || ২৪ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উচ্ছ্বসিত টাঙ্গাইলের মানুষ 

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১১, ১৩ এপ্রিল ২০২৬   আপডেট: ১২:৪৩, ১৩ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীর আগমন ঘিরে  উচ্ছ্বসিত টাঙ্গাইলের মানুষ 

টাঙ্গাইল জেলা স্টেডিয়ামে কৃষক সমাবেশে মঙ্গলবার ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চলছে মঞ্চ প্রস্তুতের কাজ

পহেলা বৈশাখ কৃষক কার্ডের উদ্বোধনসহ নানা কর্মসূচিতে যোগ দিতে টাঙ্গাইলে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার আগমন ঘিরে  উচ্ছ্বসিত জেলার সর্বস্তরের মানুষ। প্রধানমন্ত্রীর কাছে পরিত্যাক্ত এয়ারপোর্ট চালু ও যমুনা নদীতে স্থায়ী বেড়িবাঁধসহ নানা দাবি তুলে ধরার প্রত্যাশা তাদের। 

সোমবার (১৩ এপ্রিল) টাঙ্গাইলের পুলিশ সুপার শামসুল আলম সরকার বলেন, “প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকায় চার স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্ক অবস্থান নেওয়া হয়েছে।” 

আরো পড়ুন:

সরেজমিন দেখা যায়, প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে প্রস্তুত করা হচ্ছে টাঙ্গাইলের দুটি হ্যালিপ্যাড। শহিদ মারুফ স্টেডিয়াম, কৃষি মেলা, মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজারসহ শহরের প্রধান প্রধান সড়ক নতুন করে সাজানো হচ্ছে। কয়েক স্তুরের নিরাপত্তা জোরদার করতে বিভিন্ন গোয়েন্দা ইউনিটসহ প্রশাসনের কর্মকর্তারা তৎপর রয়েছেন।

সফরসূচি অনুযায়ী, তারেক রহমান মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ১০টায় টাঙ্গাইলে পৌঁছে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করবেন। সাড়ে ১০টায় জেলা স্টেডিয়ামে কৃষকদের মধ্যে ‘কৃষক কার্ড’ বিতরণের মাধ্যমে দেশব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করবেন। সেখানে কৃষক সমাবেশে প্রধান অতিথির ভাষণ দেবেন তিনি। ভাষণ শেষে পৌর উদ্যানে কৃষিমেলার উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

এদিকে, প্রিয় নেতাকে দেখার জন্য উন্মুখ হয়ে আছেন বিএনপির নেতাকর্মীরা। শহরজুড়ে চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও শোভাবর্ধনের কাজ। স্টেডিয়ামে মঞ্চ ও প্যান্ডেল তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে।

জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার রাশেদুল আলম রাশেদ ও শফিকুর রহমান খান জানান, টাঙ্গাইলে সিটি করপোরেশন, শহরের পরিত্যাক্ত এয়ারপোর্ট চালু, যমুনা নদীতে স্থায়ী বেড়িবাঁধ, ভাসানী হল পুনঃনির্মাণ ও সরকারি সা’দত কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করার দাবি জানানো হবে প্রধানমন্ত্রীর কাছে। 

জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন বলেন, “টাঙ্গাইলের প্রবেশদ্বার গোড়াই থেকে প্রধানমন্ত্রীকে বরণ করা হবে। আমরা খুব আনন্দিত। ইতিহাসের স্বাক্ষী হতে যাচ্ছে টাঙ্গাইল।”

টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত জানান, প্রধানমন্ত্রীর সফর সফল করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, “কৃষিনির্ভর বাংলাদেশে কৃষকদের উন্নয়নে ‘কৃষক কার্ড’ একটি যুগান্তকারী পদক্ষেপ। পহেলা বৈশাখের মতো একটি দিনে মওলানা ভাসানীর স্মৃতিধন্য টাঙ্গাইলের মাটিতে এ কর্মসূচির উদ্বোধন হওয়া জেলাবাসীর জন্য অত্যন্ত গর্বের বিষয়।”

ঢাকা/কাওছার/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়