কারাগার থেকে মুক্তি পেলেন বাউলশিল্পী আবুল সরকার
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম
সোমবার বেলা সোয়া ১১টার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে মুক্তি পান বাউলশিল্পী আবুল সরকার। ছবি: রাইজিংবিডি
ধর্ম অবমাননা ও কটূক্তির অভিযোগের মামলায় গ্রেপ্তার বাউলশিল্পী আবুল সরকার জামিনের পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন।
সোমবার (১৩ এপ্রিল) বেলা সোয়া ১১টার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে তিনি মুক্তি পান।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ২ এর জেলা মো. আবুল হোসেন রাইজিংবিডি ডটকমকে এ তথ্য জানান।
জানা গেছে, গত ৬ এপ্রিল বাউল আবুল সরকারকে ৬ মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেয় হাইকোর্ট। পরে সোমবার ( আজ) তার জামিনের কাগজপত্র কারাগারে আসে৷ সেটি যাচাই-বাছাই শেষে কারাগার থেকে মুক্তি পেলেন।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ জেলার আবুল হোসেন বলেন, “সকালে আমাদের কাছে জামিনের কাগজপত্র আসে৷ পরে সেটি সঠিকভাবে যাচাই-বাছাই শেষে মুক্তি দেওয়া হয়েছে।”
এর আগে গত ৪ নভেম্বর মানিকগঞ্জের ঘিওর উপজেলার জাবরা এলাকায় খালা পাগলীর মেলায় পালাগানের আসরে বাউলশিল্পী আবুল সরকার ধর্ম অবমাননা করে মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। তার মন্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয়।
এরপর ১৯ নভেম্বর রাতে মাদারীপুরে একটি গানের আসর থেকে আবুল সরকারকে আটক করে মানিকগঞ্জ ডিবি পুলিশের একটি দল। পরদিন সকালে তাকে মানিকগঞ্জ জেলা ডিবি কার্যালয়ে আনা হয়।
পরে ওইদিন দুপুরে ঘিওর উপজেলার মুফতি মো. আবদুল্লাহ নামে এক ব্যক্তি বাদী হয়ে আবুল সরকারকে আসামি করে ঘিওর থানায় একটি মামলা করেন। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে মানিকগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
ঢাকা/রেজাউল/ইভা
জামিন পেয়ে কারাগার থেকে মুক্তি পেলেন বাউলশিল্পী আবুল সরকার