ঢাকা     সোমবার   ১৩ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ৩০ ১৪৩২ || ২৪ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সুচিত্রার কাঁপা ঠোঁটে আশা ভোসলে

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪২, ১৩ এপ্রিল ২০২৬   আপডেট: ১২:৪৮, ১৩ এপ্রিল ২০২৬
সুচিত্রার কাঁপা ঠোঁটে আশা ভোসলে

সুচিত্রা সেন, আশা ভোসলে

প্রয়াত সংগীতশিল্পী আশা ভোসলে দুহাতে ছড়িয়েছেন সুরের মুর্ছনা। আট দশকের ক্যারিয়ারে কুড়িটি ভাষায় গেয়েছেন ১২ হাজারের বেশি গান। বাংলাও রয়েছে আশার কর্মের তালিকায়। আর বাংলা সিনেমার চিরসবুজ মহানায়িকা সুচিত্রা সেন তার গাওয়া গানে ঠোঁট মিলিয়েছেন। আর এসব গানে পারফর্ম করতে গিয়ে সুচিতা সেনের কাঁপা ঠোঁটের অভিব্যক্তি এখনো ভেসে উঠে সিনেমাপ্রেমীদের চোখের সামনে। 

সূচিত্রা সেন অভিনীত সিনেমার অধিকাংশ গান গেয়েছেন সন্ধ্যা মুখোপাধ্যায়। ফলে আশা ভোসলের গানে যে সুচিত্রা সেন ঠোঁট মেলাতে পারেন, তা অনেকে ভাবতেও পারেন না। আশা ভোসলের গাওয়া বেশ কিছু প্রেমময় ও দুরন্ত গানে লিপ দিয়েছেন মহানায়িকা। আর এ সংখ্যা মোটেও কম নয়। 

আরো পড়ুন:

আশা ভোসলের গাওয়া গান মানেই উঁচু স্কেল। সংগীতশাস্ত্রের পরিভাষায় তার সপ্তকে গাওয়া। অথচ প্রণব রায়ের লেখা ‘আমি আপন করিয়া চাহিনি/তবু তুমি তো আপন হয়েছো’ গানটি আশা গেয়েছেন নিচু স্কেলে। গানটির সুর করেন পবিত্র চট্টোপাধ্যায়। সুচিত্রা সেন অভিনীত ‘মেঘ কালো’ সিনেমায় গানটি ব্যবহার করা হয়। এটি মুক্তি পায় ১৯৭০ সালে। রোমান্টিক ঘরানার গান হলেও কথা ও সুরের সঙ্গে মিল রেখে গায়িকা আশা পুরো গানটিকে আশ্চর্য দক্ষতায় ফুটিয়ে তুলেছেন চাপা কান্নার অব্যক্ত আওয়াজ।  

সুচিত্রা সেন অভিনীত শেষ সিনেমা ‘প্রণয় পাশা’। ১৯৭৮ সালে মুক্তিপ্রাপ্ত এ সিনেমায় আশা ভোসলে গেয়েছিলেন ক্যাবারে-জ্যাঁরের দুটি গান। সুর করেন হেমন্ত মুখোপাধ্যায়। ‘মেঘ কালো’ সিনেমায় সুচিত্রার লিপে আশার আরো একটি অসাধারণ গান ‘মধুবনে বাঁশি বাজে’। আশার স্বভাবোচিত তার সপ্তকই সেখানে, তবে বিস্ময়কর ভ্যারিয়েশন স্কেলের ওঠানামা এবং সূক্ষ্ম কারুকার্যে, বিশেষ করে গানটির ‘উদাসী দুটি নয়নতারা আবেশে রাধা আপনহারা’ জায়গাটিতে। 

‘মেঘ কালো’ সিনেমার পরের বছরই মুক্তি পায় ‘ফরিয়াদ’ সিনেমা। এতে সুচিত্রার লিপে ফের আশার ঝলকানি এবং দুটি ক্যাবারে সং। তার মধ্যে ‘আজ দুজনে মন্দ হলে মন্দ কী’ গানটি তো সুপারহিট। ক্যাবারে সং এমনিতে আশা ভোসলের সাম্রাজ্য। ওই গানে ‘আহা এমন রাতে এসো না আজ ভাব করি’ অংশে সবটা ঢেলে দিয়েছেন আশা। অন্য গান ‘ধারালো ঝক ঝক, সাপিনী লক লক এই ছুরি’ গানের মাদকতা ব্যাখ্যাতীত। কী সমাপতন! এই দুটি গানেরও কথা প্রণব রায়ের, সুর করেছেন নচিকেতা ঘোষ। 

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়