করোনা আতঙ্কে জরুরিভাবে সুদ হার কমালো ফেড
করোনাভাইরাসের প্রভাবে ২০০৮ সালের মন্দার পর এই প্রথম পূর্ব ঘোষণা ছাড়াই জরুরিভাবে সুদ হার কমানোর ঘোষণা দিয়েছে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)।
মঙ্গলবার অর্থনীতির ক্ষতি কাটাতে একদফায় ৫০ বেসিস পয়েন্ট কমিয়ে নতুন সুদ হার করা হয়েছে ১ শতাংশ থেকে ১ দশমিক ২৫ শতাংশ।
ফেড এক বিবৃতে উল্লেখ করেছে, অর্থনীতির সর্বোচ্চ ঝুঁকি বিবেচনায় নিয়ে, সর্বোচ্চ কর্মসংস্থান নিশ্চিত করা ও আন্তর্জাতিকভাবে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে সুদ হার কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে ২০০৮ সালে বিশ্বমন্দার প্রেক্ষাপটে এরকম অনির্ধারিত সিদ্ধান্ত নিয়েছিল ফেড।
ইতোমধ্যে অস্ট্রেলিয়া ও মালয়েশিয়াও কেন্দ্রীয় সুদ হার কমানোর ঘোষণা দিয়েছে।
অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (ওইসিডি) বলেছে এ বছর বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২ দশমিক ৪ শতাংশে নেমে আসতে পারে। গত সপ্তাহেও সারা বিশ্বের বড় বড় শেয়ারবাজারে পতন ঘটে। বিশ্বমন্দার গতি দ্রুততর হচ্ছে। সেই প্রভাব কাটাতে এমন সিদ্ধান্ত নিয়েছে ফেড।
সূত্র: বিবিসি
ঢাকা/জেনিস
রাইজিংবিডি.কম