ঢাকা     মঙ্গলবার   ১০ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

৬ দিনের চিকিৎসায় করোনামুক্ত হলেন শতবর্ষী নারী

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৯, ১১ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৬ দিনের চিকিৎসায় করোনামুক্ত হলেন শতবর্ষী নারী

করোনাভাইরাস শুধু যে প্রাণ কেড়ে নিচ্ছে তা কিন্তু নয়।  বরং সুস্থ হওয়ার তথ্যটাও বাস্তব।  কারণ ভাইরাসটিতে আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে প্রায় ৬৭ হাজার রোগী এরইমধ্যে সুস্থ হয়েছেন।  আর আশার কথা হলো ভাইরাস আক্রান্ত হওয়ার সপ্তাহ না পেরোতেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০৩ বছর বয়সী চীনা এক নারী।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে করোনা ভাইরাস শনাক্ত করা হয়।  ভাইরাসটি ওই প্রদেশে আধিপত্য দেখানোর পাশাপাশি বিশ্বব্যাপী এতো দ্রুত ছড়িয়ে পড়ে যে, তা প্রতিরোধের উপায় খুঁজে পাওয়ার আগেই চার হাজার তিনশর বেশি মানুষের প্রাণ ঝরে গেছে।

এর মধ্যে সেই উহানেই ভাইরাস আক্রান্ত হয়ে মাত্র ছয় দিনে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০৩ বছর বয়সী এক নারী।  যা তাকে কোভিড-১৯ রোগে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে বাড়ি ফেরা সবচেয়ে বয়স্ক কোনো রোগীর উদাহরণ হিসেবে দাঁড় করালো।  এর আগে উহানেই ১০১ বছর বয়সী এক নারী সুস্থ হওয়ার তথ্য জানিয়েছে কর্তৃপক্ষ।

এ বিষয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, ঝাং গুয়াংফেন নামে ওই নারী সুস্থ হয়ে মঙ্গলবার (১০ মার্চ) হাসপাতাল ছেড়েছেন।  তবে বয়স হলেও তার তেমন কোনো শারীরিক জটিলতা ছিলো না বলে জানিয়েছেন চিকিৎসক ঝেং উলুন।

খবরে বলা হয়, মার্চের শুরুতে ওই নারী ভাইরাস আক্রান্ত হন।  পরে তাকে উহানের টংজি মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়।  এরপর হাসপাতালের চিকিৎসক ও নার্সরা তাকে সার্বক্ষণিক সেবা দিয়ে সুস্থ করে তোলেন।

এর আগে গত সপ্তাহে দাই নামে ১০১ বছর বয়সী এক নারী উহানের অপর একটি হাসপাতালে চিকিৎসা নিয়ে করোনামুক্ত হন।


ঢাকা/জনি

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়