ওবামার মন্তব্যে ক্ষেপেছে ভারত
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমেরিকা সফরের সময় সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার মন্তব্যে ক্ষেপেছে নয়া দিল্লি। ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ওবামাকে ইঙ্গিত করে বলেছেন, তার আমলেই ছয়টি মুসলিম দেশের ওপর বোমা হামলা চালিয়েছে ওয়াশিংটন।’ রোববার এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেছেন।
মোদির আমেরিকা সফরের সময় সংবাদ সম্মেলনে সাংবাদিকরা সংখ্যালঘুদের ব্যাপারে বিজেপি সরকারের অসহিষ্ণু আচরণ প্রসঙ্গে প্রশ্ন করা হয়।
মোদির পক্ষে সাফাই গেয়ে নির্মলা সীতারমন বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী নিজেই মার্কিন যুক্তরাষ্ট্রে সংবাদ সম্মেলনে বলেছেন যে কীভাবে তার সরকার 'সবার সাথে, সবার বিকাশ’ নীতিতে কাজ করে এবং কোনো সম্প্রদায়ের প্রতি বৈষম্য করে না। কিন্তু ঘটনাটি হচ্ছে, মানুষ যখন এই বিতর্কে যোগ দেয় এবং এমন বিষয়গুলোকে সামনে নিয়ে আসে যা একভাবে কোনো ইস্যুই নয়।’
সিএনএনকে দেওয়া ওবামার সাক্ষাৎকারের সমালোচনা করে সীতারমন বলেন,‘আমি হতবাক হয়ে গিয়েছিলাম। প্রধানমন্ত্রী মোদি যখন মার্কিন যুক্তরাষ্ট্রে প্রচারণা চালাচ্ছিলেন, আমি বলতে চাইছি ভারতের কথা বলছেন - তখন সাবেক এক মার্কিন প্রেসিডেন্ট ভারতীয় মুসলমানদের কথা বলছেন।’
বিজেপির এই নেতা বলেন,‘আমি সংযমের সাথে এটি বলছি, কারণ বিষয়টি অন্য একটি দেশের সাথে জড়িত। আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বন্ধুত্ব চাই কিন্তু সেখানেও আমরা ভারতের ধর্মীয় স্বাধীনতা নিয়ে মন্তব্য পাই। একজন সাবেক প্রেসিডেন্ট, যার শাসনামলে ছয়টি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে ২৬ হাজারের বেশি বোমা হামলা হয়েছিল, মানুষ তার অভিযোগ বিশ্বাস করবে কিভাবে?’
প্রসঙ্গত, সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে ওবামা বলেছিলেন, যদি ধর্মীয় সংখ্যালঘু এবং অন্যান্য জাতির মানবাধিকার রক্ষা না করা হয়, তাহলে ভবিষ্যতে ভারত ভাগ হয়ে যেতে পারে। বাইডেন প্রশাসনের উচিত ভারত সরকারের সঙ্গে সংখ্যালঘুদের অধিকারের ইস্যু নিয়ে আলোচনা করা।
ঢাকা/শাহেদ