ঢাকা     সোমবার   ২৩ মার্চ ২০২৬ ||  চৈত্র ১০ ১৪৩২ || ৪ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

পাল্টাপাল্টি কূটনীতিক বহিষ্কার ভারত ও পাকিস্তানের

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৬, ১৪ মে ২০২৫   আপডেট: ১০:০৬, ১৪ মে ২০২৫
পাল্টাপাল্টি কূটনীতিক বহিষ্কার ভারত ও পাকিস্তানের

ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি চললেও কূটনৈতিক উত্তেজনা এখনো থামেনি। ভারতে নিযুক্ত পাকিস্তানের এক কূটনীতিককে মঙ্গলবার (১৩ মে) বহিষ্কার করেছে ভারত। ওই কূটনীতিককে ২৪ ঘণ্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস আজ বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। তবে প্রতিবেদনে ওই কূটনীতিকের নাম প্রকাশ করা হয়নি।

আরো পড়ুন:

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ওই কর্মকর্তা ভারতে তার সরকারি অবস্থানের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় এমন কার্যকলাপে লিপ্ত ছিলেন। তাকে ২৪ ঘণ্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এর প্রতিক্রিয়ায় একই দিনে পাকিস্তানও ভারতের এক কূটনীতিককে বহিষ্কার করেছে। 

পাকিস্তানের সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, ভারত পাকিস্তানি কূটনীতিককে অবাঞ্ছিত ঘোষণা করে দেশ ত্যাগের নির্দেশ দেওয়ার পরপরই, পাল্টা পদক্ষেপ হিসেবে ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় এক কূটনীতিককে অবাঞ্ছিত ঘোষণা করেছে পাকিস্তান। ওই কূটনীতিককে ২৪ ঘণ্টার মধ্যে পাকিস্তান ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, বিধিবহির্ভূত কর্যকলাপে জড়িত থাকার অভিযোগে ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনের এক কর্মীকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই সিদ্ধান্ত জানাতে গতকাল মঙ্গলবার তাকে মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল।

চার দিনের সামরিক সংঘাতের পর চলমান যুদ্ধবিরতির মধ্যেই দুই প্রতিবেশী দেশ আবারো পাল্টাপাল্টি পদক্ষেপ নিল।

ঢাকা/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়