ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
বিশ্বগণমাধ্যমের চোখে বদলে যাওয়া বাংলাদেশ
আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ
বাংলাদেশে সদ্যসমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক আগ্রহ ও চুলচেরা বিশ্লেষণ দেখা গেছে। বিবিসি, এনডিটিভি, দ্য হিন্দু এবং ডয়েচে ভেলের মতো প্রভাবশালী সংবাদমাধ্যমগুলো এই নির্বাচনের পরিবেশ, রাজনৈতিক সমীকরণ এবং ভবিষ্যৎ গতিপ্রকৃতি নিয়ে তাদের পর্যবেক্ষণ তুলে ধরেছে।
নির্বাচনি পরিবেশে দৃশ্যমান পরিবর্তন: বিবিসি
বিবিসির দক্ষিণ এশিয়া বিষয়ক সংবাদদাতা যোগিতা লিমায়ে ২০১৮ সালের নির্বাচনের সঙ্গে এবারের পরিস্থিতির তুলনামূলক চিত্র তুলে ধরেছেন। তার মতে, ২০১৮ সালের নির্বাচনের সময় তিনি বাংলাদেশে অবস্থান করছিলেন, যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন। সে সময়ের পরিবেশের সঙ্গে এবারের পরিস্থিতির বড় পার্থক্য রয়েছে। তার ভাষ্য অনুযায়ী, আগের নির্বাচনে ভোটকেন্দ্রগুলোতে মূলত একটি দলের- আওয়ামী লীগের- এজেন্ট, পোস্টার ও প্রচারসামগ্রীই বেশি চোখে পড়ত। সাধারণ মানুষ খোলাখুলি কথা বলতে সংকোচ বোধ করতেন।
এবারের অভিজ্ঞতায় তিনি জানান, বিভিন্ন রাজনৈতিক দলের পোস্টার দৃশ্যমান এবং ভোটারদের মধ্যে উৎসাহ ও প্রত্যাশা লক্ষ্য করা গেছে। তবে আওয়ামী লীগ নিষিদ্ধ থাকায় নির্বাচন পুরোপুরি অবাধ ও সুষ্ঠু কি না- সে প্রশ্নে একটি ছায়া রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। গোপালগঞ্জ, যা আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত, সেখানে সকালবেলায় ভোটার উপস্থিতি কম ছিল বলে বিবিসির এক সহকর্মীর তথ্য উদ্ধৃত করা হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি কিছুটা বৃদ্ধি পায়। বিবিসির আরেক প্রতিবেদনে বলা হয়, গোপালগঞ্জের বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি তুলনামূলকভাবে কম ছিল।
রাজনৈতিক নেতৃত্বের পালাবদল: এনডিটিভি
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির বিশ্লেষণে উঠে এসেছে দেশের প্রধান দুই রাজনৈতিক ব্যক্তিত্ব- শেখ হাসিনা ও খালেদা জিয়ার অনুপস্থিতির বিষয়টি।
প্রতিবেদনে বলা হয়, দীর্ঘ ১৭ বছর নির্বাসন শেষে দেশে ফেরা বিএনপি নেতা তারেক রহমান এই নির্বাচনের মাধ্যমে রাজনীতিতে এক বিশাল শূন্যতা পূরণ করেছেন। বিগত কয়েক দশকের পারিবারিক ও ঐতিহ্যগত রাজনীতির বাইরে এটি একটি বড় ধরনের কাঠামোগত পরিবর্তন হিসেবে চিহ্নিত হয়েছে।
নিরাপত্তা ও ঝুঁকির চ্যালেঞ্জ: দ্য হিন্দু
নির্বাচনি নিরাপত্তা নিয়ে দ্য হিন্দু তাদের লাইভ আপডেটে জানায়, অর্ধেকের বেশি ভোটকেন্দ্রকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছিল। কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বলা হয়, ঝুঁকি মোকাবিলায় ৯০ শতাংশ কেন্দ্রে সিসিটিভি এবং ঢাকায় দায়িত্বরত পুলিশের বডি ওর্ন ক্যামেরার ব্যবহার ছিল উল্লেখ করার মতো।
এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে নতুন বার্তা দিয়েছেন। তিনি স্পষ্ট করেছেন যে, ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখাই হবে তাদের অগ্রাধিকার। তিনি দেশে ‘সংখ্যালঘু’ পরিচয়ের ধারণা প্রত্যাখ্যান করে বলেন, বাংলাদেশের প্রতিটি নাগরিকের মর্যাদা সমান।
ইসলামপন্থি ও নতুন শক্তির উত্থান: ডয়েচে ভেলে
জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলে এবারের নির্বাচনে ইসলামপন্থি দলগুলোর শক্তিশালী অবস্থান নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়, শিক্ষার্থীদের নেতৃত্বাধীন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং ইসলামপন্থি দলগুলোর জোট একটি শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হয়েছে।
প্রতিবেদনে দাবি করা হয়, ১৯৭১ সালের স্বাধীনতার পর এবারই প্রথম ইসলামপন্থি শক্তিগুলো তাদের সবচেয়ে সুসংগঠিত এবং শক্তিশালী নির্বাচনি উপস্থিতি জানান দিয়েছে, যা দেশের ভবিষ্যৎ রাজনীতির মোড় পরিবর্তন করে দিতে পারে।
ঢাকা/ফিরোজ