বাগেরহাটে চার আসনের তিনটিতে জামায়াত, একটিতে বিএনপি জয়ী
বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের চারটি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে তিনটি আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং একটি আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রার্থী বিজয়ী হয়েছেন।
বাগেরহাট-১ (চিতলমারী, ফকিরহাট ও মোল্লাহাট): এই আসনে জামায়াতের প্রার্থী মাওলানা মশিউর রহমান খান দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ১৭ হাজার ৯৬৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির কপিল কৃষ্ণ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ১৪ হাজার ৫৯০ ভোট। তিনটি উপজেলা নিয়ে গঠিত এ আসনে মোট ১৪৭টি কেন্দ্র ছিল। সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার দপ্তর এ তথ্য জানিয়েছে।
বাগেরহাট-২ (সদর ও কচুয়া): এই আসনে জামায়াতের প্রার্থী শেখ মঞ্জুরুল হক রাহাদ দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ১৬ হাজার ৩৭০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষ প্রতীকের ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন পেয়েছেন ৬৬ হাজার ২৭৪ ভোট। বিজয়ী ও পরাজিত প্রার্থীর ভোটের ব্যবধান ৫০ হাজার ৯৬ ভোট। বাগেরহাট সদর ও কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং কর্মকর্তার দপ্তর ফলাফল নিশ্চিত করেছে।
বাগেরহাট-৩ (মোংলা-রামপাল): এই আসনে বিএনপির শেখ ফরিদুল ইসলাম ধানের শীষ প্রতীকে ১ লাখ ৩ হাজার ৭১১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের অ্যাডভোকেট আব্দুল ওয়াদুদ দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৮৩ হাজার ৭০৫ ভোট। মোংলা ও রামপাল উপজেলার নির্বাহী কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা এ ফলাফল নিশ্চিত করেছেন।
বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা): এ আসনে জামায়াতের প্রার্থী আব্দুল আলিম দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ১৬ হাজার ৬৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সোমনাথ দে ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৯৮ হাজার ৩২৬ ভোট। এ আসনে ভোটের ব্যবধান ১৭ হাজার ৭৪১। মোরেলগঞ্জ ও শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং কর্মকর্তার দপ্তর ফলাফল নিশ্চিত করেছেন।
ঢাকা/বাদশা/ফিরোজ