ঢাকা     শুক্রবার   ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ১৫ ১৪৩২ || ১০ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

দুর্নীতি মামলা থেকে অব্যাহতি পেলেন কেজরিওয়াল

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৬, ২৭ ফেব্রুয়ারি ২০২৬  
দুর্নীতি মামলা থেকে অব্যাহতি পেলেন কেজরিওয়াল

আবগারি দুর্নীতি মামলা থেকে আম আদমি পার্টির (আপ) নেতা অরবিন্দ কেজরিওয়াল, মনীশ সিসৌদিয়া-সহ ২৩ জনকে শুক্রবার অব্যাহতি দিয়েছে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। এই মামলার তদন্ত প্রক্রিয়া নিয়েই প্রশ্ন তুলেছে আদালত। 

২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে দিল্লির বিধানসভা নির্বাচনে বিজেপির কাছে হেরে যায় কেজরিওয়ালের দল আপ। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ মনে করেন, অন্য অনেক বিষয়ের সঙ্গে নির্বাচনে বড় প্রভাব ফেলেছিল এই আবগারি দুর্নীতির মামলা। আপ সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে ঝোড়ো প্রচার চালিয়েছিল বিজেপি।

আরো পড়ুন:

আপ প্রধান কেজরিওয়ালের ক্ষেত্রে আদালত জানিয়েছে, গুরুতর অভিযোগের ক্ষেত্রে জোরালো তথ্যপ্রমাণ প্রয়োজন। কিন্তু তেমন কোনো তথ্যপ্রমাণ দাখিল করতে পারেনি তদন্তকারী সংস্থা সিবিআই। অথচ সিবিআইয়ের পক্ষে দাবি করা হয়েছিল, আবগারি দুর্নীতি মামলায় মূল চক্রান্তকারী ছিলেন কেজরিওয়াল। 

সিবিআইয়ের উদ্দেশে নিম্ন আদালতের বিচারক জিতেন্দ্র সিংহ বলেন, “অভিযোগের সপক্ষে তথ্যপ্রমাণ দাখিল করতে না-পারলে সরকারি প্রতিষ্ঠানের উপর মানুষের আস্থা টলে যায়।”

সিসৌদিয়াকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার ক্ষেত্রে আদালত জানিয়েছে, সিবিআই এমন কোনো তথ্যপ্রমাণ দাখিল করেনি, যা থেকে সিসৌদিয়ার অপরাধমূলক আচরণের কোনো ইঙ্গিত পাওয়া যায়। বরং তদন্তকারী সংস্থার তরফে যে ষড়যন্ত্র তত্ত্বের কথা বলা হয়েছিল, তা স্ববিরোধিতায় ভরা।

২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে আবগারি দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছিলেন সিসৌদিয়া। তখন তিনি দিল্লির আপ সরকারের উপমুখ্যমন্ত্রী। ১৮ মাস জেলবন্দি থাকার পর জামিনে মুক্ত হন তিনি। 

আদালতের রায় শুনেই কেঁদে ফেলেন কেজরিওয়াল। 

বিজেপিকে আক্রমণ করে তিনি বলেন, “আপনারা কুর্সি চান, ভাল কাজ করে সেটা অর্জন করুন। এ ভাবে দেশের সংবিধান নিয়ে ছেলেখেলা করবেন না। মনীশ সিসৌদিয়া সৎ, আম আদমি পার্টি সৎ। বিজেপি আমাদের উপর একের পর এক দোষ চাপাচ্ছিল, আদালত সব খারিজ করে দিয়েছে। সমস্ত অভিযুক্তকে অব্যাহতি দিয়েছে। আমি প্রথম থেকেই বলে এসেছি, সত্যের জয় হবে। দেশের বিচারব্যবস্থার উপর আমার ভরসা ছিল। যে বিচারক আমাদের ন্যায়বিচার দিলেন, তাকে ধন্যবাদ।”
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়