ঢাকা     শুক্রবার   ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ১৫ ১৪৩২ || ১০ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

৫২, ৭১ ও ২৪-এর চেতনায় নতুন বাংলাদেশ গড়ার আহ্বান মির্জা ফখরুলের

ঠাকুরগাঁও প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৮, ২৭ ফেব্রুয়ারি ২০২৬  
৫২, ৭১ ও ২৪-এর চেতনায় নতুন বাংলাদেশ গড়ার আহ্বান মির্জা ফখরুলের

ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৫২, ৭১ ও ২৪-এর চেতনা ধারণ করে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেছেন, “আমরা কখনো হার মানিনি, মানব না। ৫২, ৭১ ও ২৪-এর চেতনা ধারণ করে আমাদের এগিয়ে যেতে হবে।”

এ সময় ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ এবং সাম্প্রতিক আন্দোলনের আত্মত্যাগের চেতনাকে সামনে রেখে একটি জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনের প্রত্যয় ব্যক্ত করেন মির্জা ফখরুল।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঠাকুরগাঁওয়ে উন্নয়ন সংস্থা ইএসডিও আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, “ঠাকুরগাঁওয়ের দীর্ঘদিনের স্বপ্নগুলো বাস্তবায়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। ঠাকুরগাঁও মেডিকেল কলেজ স্থাপনের প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে এবং শিগগিরই ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের কাজও শুরু হবে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে এ অঞ্চলের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ বাড়বে এবং জেলার সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে।”

তিনি বলেন, “ঠাকুরগাঁওয়ে বিমানবন্দর চালু এবং ইপিজেড (রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল) স্থাপনের কার্যক্রম চলমান রয়েছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে, বিনিয়োগ বাড়বে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ইতিবাচক প্রভাব পড়বে।”

কৃষকদের নিয়ে মির্জা ফখরুল বলেন, “নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী, ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করা হয়েছে। আমরা যা বলেছিলাম, তা বাস্তবায়ন করে এগিয়ে যাচ্ছি।”

ঢাকা/হিমেল/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়