ইরানে স্কুলে হামলায় নিহত বেড়ে ১৫৩
ইরানের দক্ষিণাঞ্চলীয় মিনাব শহরের বালিকা বিদ্যালয়ে হামলার ঘটনায় নিহত বেড়ে ১৫৩ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে অধিকাংশই শিশু।
হরমোজগান প্রদেশের ওই বিদ্যালয়টি ইসলামি বিপ্লবী রক্ষাবাহিনী (আইআরজিসি) ঘাঁটির কাছাকাছি অবস্থিত।
হামলার সময় স্কুলটি খোলা ছিল। ঘটনার পর রেড ক্রস ও রেড ক্রিসেন্টের জরুরি সহায়তা দল বিদ্যালয়ে পৌঁছেছে।
বিবিসি হামলার পরপরের ভিডিও ক্লিপ যাচাই করেছে, যেখানে ধোঁয়া উঠা ভবন ও আতঙ্কিত মানুষের ভিড় দেখা গেছে। তবে নিহতের সংখ্যা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।
গত শনিবার থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে সামরিক হামলা শুরু করে। এমন সময়ই ওই স্কুলে হামলা চালানো হয়। তবে ইসরায়েলি সেনা জানিয়ে দিয়েছে, ওই এলাকায় তাদের কোনো অভিযান সম্পর্কে তারা ‘জানেন না’।
রবিবারও হামলা চালানো হয়েছে। হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনি ও তার শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন।
গতকাল রবিবার ইরানের রেড ক্রিসেন্ট জানায়, হামলায় সারাদেশে ২০১ জন প্রাণ হারিয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ৭৪৭ জন।
ঢাকা/ইভা