ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সেবা ডটকমের মালিক গ্রেপ্তার

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৯, ২৬ ফেব্রুয়ারি ২০২২   আপডেট: ১৬:৫৩, ২৬ ফেব্রুয়ারি ২০২২
৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সেবা ডটকমের মালিক গ্রেপ্তার

প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে ‘ডিজিটাল সেবা ডটকম’ নামে ই-কমার্স প্রতিষ্ঠানের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক মো. শরিফুল ইসলামকে গ্রেপ্তার করেছে র‌্যাব-২। 

শনিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে র‌্যাব থেকে এতথ্য জানানো হয়।

আরো পড়ুন:

র‌্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. ফজলুল হক বলেন, ‘শুক্রবার (২৫ ফ্রেব্রুয়ারি) রাতে  গোপন সংবাদে র‌্যাব-২ এর একটি আভিযানিক দল কলাবাগন থানা এলাকায় অভিযান পরিচালনা করে ‘সেবা ডট কম/ই-কমার্স/অনলাইন সেবা কেনা-বেচা’ নামক প্রতিষ্ঠানের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক মো. শরিফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অন্তত ১২টি মামলা তদন্তাধীন আছে।’ 

তিনি আরও বলেন, ‘শরিফুল ১৯৯৭ সালে এইচএসসি পাস করেন। পরবর্তী সময়ে ২০০০ সালে রংপুরে ক্যান্টমেন্ট এলাকায় একটি কম্পিউটার প্রশিক্ষণ সেন্টার চালু করেন। মূলত সেখান থেকে তার ওয়েব ডেভেলপিং কাজের হাতেখড়ি। ২০০৭ সালে ঢাকায় এসে ওয়েব ডেভলপারের কাজ শুরু করেন এবং ২০১৫ সাল থেকে ডিজিটাল সেবা ডটকম প্রতিষ্ঠান খুলে উদ্যোক্তা সংগ্রহ শুরু করেন। পরবর্তী সময়ে ই-উদ্যোক্তা লিমিটেড নামে রূপান্তরিত করেন। যার মাধ্যমে বিভিন্ন ভুক্তভোগীকে অধিক মুনাফার লোভ দেখিয়ে প্রায় ৫ কোটি টাকা আত্মসাৎ করেন।’ 

র‌্যাবের এই সহকারী পরিচালক বলেন, ‘শরিফুল ইসলাম গ্রেপ্তার এড়ানোর জন্য ঘনঘন অবস্থান পরিবর্তন করে রাজধানীতে গা ঢাকা দিয়েছিলেন। তিনি বিভিন্ন জেলায় লোকাল ম্যানেজার পদে প্রতিনিধি নিয়োগের নামে বিভিন্ন প্রার্থীর কাছ থেকে ২৫-৫০ হাজার টাকা পর্যন্ত বিকাশ/একাউন্টের মাধ্যমে আত্মসাৎ করেছেন। উদ্যোক্তাদের সাথে লভ্যাংশের ৫০ শতাংশ ভাগাভাগির চুক্তি থাকলেও তিনি তা ভঙ্গ করেন। তিনি নামে-বেনামে অসংখ্য কোম্পানির ১৫০-২০০টি ওয়েব সাইট/অ্যাপস্ বানিয়ে মিথ্যা অপপ্রচার চালাতেন।’ 

র‌্যাবের জিজ্ঞাসাবাদে শরিফুল স্বীকার করেন, তিনি প্রতারণামূলক অর্থ আত্মসাতের উদ্দেশে দীর্ঘ দিন যাবৎ অসংখ্য ভুক্তভোগীর কাছ থেকে কমপক্ষে ৫ কোটি টাকা অবৈধভাবে লাভ করেছেন। ক্ষতিগ্রস্ত অসহায় মানুষ আত্মসাৎকৃত অর্থ ফেরত চাইতে এলে প্রথমে তাদের দীর্ঘ দিন ধরে বিভিন্ন অপকৌশল অবলম্বন করে গ্রাহকদের বিভিন্ন হয়রানির শিকার করতেন। এমনকি তিনি গ্রাহকদের ভয়ভীতি ও হুমকি দিতেন। তাতেও কাজ না হলে তিনি অফিসের ঠিকানা কাউকে না জানিয়ে পরিবর্তন করে ফেলতেন। 

প্রসঙ্গত, এ ধরনের বেশকিছু অনলাইন ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে র‌্যাবের ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে।

মাকসুদ/মাহি  

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়