ঢাকা     রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ওসির ওপর হামলা: দুই জন রিমান্ডে, ১০ জন কারাগারে

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৭, ১৩ জুন ২০২২  
ওসির ওপর হামলা: দুই জন রিমান্ডে, ১০ জন কারাগারে

ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে থানার ওসিসহ পুলিশের ওপর হামলা ও ওয়াকিটকি ছিনিয়ে নেওয়ার ঘটনায় গ্রেপ্তার ১২ জনের মধ্যে এজাহারভুক্ত দুই আসামির এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অপর ১০ আসামির রিমান্ড ও জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার (১৩ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

রিমান্ড যাওয়া দুই আসামি হলেন মোস্তা‌ফিজুর (৪৭) ও উমর ফারুক (৪১)।

কারাগারে যাওয়া ১০ আসামি হলেন- আশিক (৩০), মুন্না (১৯), অন্তর (২০), আব্দুল খা‌লেক (২২), মিজান (২১), শাওন (১৯), নুর নবী (২২), শা‌হিন (২২), মাসুদ (২৩) ও আবুল কালাম (২৯)।

এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার সাব-ইন্সপেক্টর শফিউল আলম আসামিদের আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করেন।

আসামিদের পক্ষে তাদের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত দুই আসামির এক দিনের রিমান্ড এবং ১০ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে আদালত সূত্রে জানা গেছে।

এর আগে, রোববার মোহাম্মদপুরের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

উল্লেখ্য, ভারতে ক্ষমতাসীন বিজেপির কেন্দ্রীয় নেত্রী নুপুর শর্মা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে অবমাননা করেছেন- এমন অভিযোগে শুক্রবার জুম্মার নামাজের পর ঢাকা উদ্যান কেন্দ্রীয় মসজিদের সামনে মুসল্লিরা বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভরত মুসল্লিরা কোনও উস্কানি ছাড়াই মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদসহ বেশ কয়েকজনের ওপর হামলা চালায়।

এ ঘটনায় মোহাম্মদপুর থানার এএসআই পান্নু মোল্লা বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। 

ঢাকা/মামুন/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়