প্রতিকার চেয়ে পলাশী মোড়ে শারীরিক প্রতিবন্ধীদের সড়ক অবরোধ
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
ট্রাফিক পুলিশের হয়রানির প্রতিবাদে সড়কে বিক্ষোভ করেছেন রাজধানীর কিছু মানুষ। তারা শারীরিক প্রতিবন্ধী।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টায় পলাশীর মোড়ে সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ করেন। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে সমস্যা সমাধানের আশ্বাস দিলে সড়ক ছেড়ে চলে যান বিক্ষোভকারীরা।
লালবাগ বিভাগের ট্রাফিক পুলিশের উপকমিশনার মেহেদী হাসান বলেন, মানবিক কারণে তাদের বেড়িবাঁধ এলাকায় চলতে দেওয়া হয়েছে। কিন্তু তারা তাদের এলাকা ছেড়ে প্রধান সড়কে চলে আসে। এতে বিভিন্ন সময় নানাবিধ সমস্যা তৈরি হয়। পরে তাদের সঙ্গে কথা বলে সমস্যার সমাধান করা হয়েছে। তারা আর প্রধান সড়কে আসবে না জানিয়েছেন।
শারীরিক প্রতিবন্ধী হওয়ায় বিক্ষোভকারীরা নগরীর সব জায়গায় গাড়ি চালাতে পারেন না। আইন অমান্য করলে তাদেরও শাস্তির মুখোমুখি হতে হয়। এ কারণে বৃহস্পতিবার তাদের পাঁচটি গাড়ি ডাম্পিং করেছে ট্রাফিক পুলিশ। তারই প্রতিবাদ জানিয়ে পলাশীর মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তারা।
নিজাম উদ্দিন নামে এক বিক্ষোভকারী গণমাধ্যমে বলেন, আমরা প্রায় ১৮ শ প্রতিবন্ধী পুরো ঢাকা শহরে গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করি। এর মধ্যে রেকার বিল মরার ওপর খাড়ার ঘা হয়ে দেখা দিয়েছে। আমরা এর প্রতিকার চাই।
ঢাকা/মাকসুদ