ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ডিবেটিং ক্লাব
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটি ডিআরইউতে ডিবেটিং ক্লাব প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে। গত ১২ জানুয়ারি সংগঠনের সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির সভায় এ উদ্যোগ অনুমোদিত হয়।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) ডিআরইউ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ডিবেটিং ক্লাবের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ডিআরইউর সাংগঠনিক সম্পাদক এম এম জসিম এবং সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন সংগঠনের সদস্য শেখ মো. আরীফ।
কমিটিতে আরো সাতজন সদস্য আছেন, তারা হলেন— নিয়াজ মাহমুদ সোহেল, জান্নাতুল ফেরদৌস পান্না, মাহমুদ সোহেল, মাহফুজ সাদী, কাজী শহীদুল আলম, মো. রিয়াসাদ আজিম এবং আসিফ জামান সুমিত।
ডিবেটিং ক্লাবের লক্ষ্য হলো—সাংবাদিকদের মধ্যে বিতর্ক ও বিশ্লেষণাত্মক চিন্তাভাবনার বিকাশ ঘটানো এবং পেশাগত সক্ষমতা বৃদ্ধি করা।
ডিআরইউর সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেছেন, “ডিবেটিং ক্লাব সাংবাদিকসমাজে একটি নতুন প্রেরণা যোগ করবে এবং সদস্যদের মধ্যে দক্ষতা ও আত্মবিশ্বাস বৃদ্ধি করবে।”
ঢাকা/এএএম/রফিক