স্পিকার ও ডেপুটি স্পিকার পদে কারা এগিয়ে
আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
আগামী ১২ মার্চ (বৃহস্পতিবার) বেলা ১১টায় বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। এই অধিবেশনের প্রথম বৈঠকেই জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। এর পর অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাব নিয়ে বছরের সবচেয়ে দীর্ঘ এই অধিবেশনে আলোচনা করবেন সরকার ও বিরোধী দলীয় সদস্যরা।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এই অধিবেশন সম্ভবত জ্যেষ্ঠ কোনো সংসদ সদস্য বা সিইসির সভাপতিত্বে হবে। এ অধিবেশনেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে।
বর্তমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করবেন কি না এবং পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন, এ নিয়ে রাজনৈতিক মহলে নানা আলোচনা চলছে। আলোচনায় আছেন ড. আবদুল মঈন খান, সদ্য সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহম্মদ ইউনূস এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপি সূত্রে জানা গেছে, স্পিকার পদে জোর আলোচনায় আছেন দলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন। ডেপুটি স্পিকার পদের জন্য আলোচনায় আছেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এবং আশরাফ উদ্দিন নিজান।
অন্যদিকে, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকারের সম্ভাব্য নাম হিসেবে আলোচনায় আছেন জামায়াতে ইসলামীর ব্যারিস্টার নাজিব মোমেন ও আহমাদ বিন কাশেম আরমান।
সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী বিএনপি তাদের সংসদ নেতা হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে মনোনীত করেছে। তবে, সংসদ উপনেতা ও চিফ হুইপ এখনো নির্ধারণ হয়নি। সম্ভাব্য সংসদ উপনেতা হিসেবে আলোচনায় আছেন ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ড. ওসমান ফারুক। চিফ হুইপ হতে পারেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন ফারুক অথবা বরকত উল্লাহ বুলু।
সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা বলেছেন, “শপথ গ্রহণের এক মাসের মধ্যে সংসদের প্রথম অধিবেশন বসার সাংবিধানিক বাধ্যবাধকতা আছে। সে অনুযায়ী রাষ্ট্রপতি সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন। অধিবেশনের সার্বিক প্রস্তুতি দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।”
গণঅভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এর দেড় বছর পর ১২ ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের অধীনে অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। গত ১৭ ফেব্রুয়ারি নির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেন। নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে বিএনপি ও সমমনা ১২ দল। প্রধান বিরোধী দল হিসেবে আছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।
সংবিধান অনুযায়ী, কোনো সাধারণ নির্বাচনের ফল ঘোষণার ৩০ দিনের মধ্যে সংসদের প্রথম অধিবেশন আহ্বান করতে হয়। সংবিধান প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গতকাল সোমবার সংসদ অধিবেশন আহ্বান করেছেন বলে সংসদ সচিবালয় জানিয়েছে।
সংবিধান ও জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধি অনুযায়ী, কোনো সাধারণ নির্বাচনের পর প্রথম অধিবেশনে নির্ধারিত বিধি অনুসারে স্পিকার নির্বাচন করা হয়। সাধারণত, বিদায়ী স্পিকারের সভাপতিত্বে এ কার্যক্রম সম্পন্ন হয়। বিদায়ী স্পিকার নিজে প্রার্থী হলে বিদায়ী ডেপুটি স্পিকার সভাপতিত্ব করেন।
দ্বাদশ সংসদের স্পিকার ছিলেন শিরীন শারমিন চৌধুরী। শেখ হাসিনা সরকারের পতনের পর ২০২৪ সালের সেপ্টেম্বরে তিনি স্পিকার পদ থেকে পদত্যাগ করেন। এর পর তাকে আর প্রকাশ্যে দেখা যায়নি। বিদায়ী ডেপুটি স্পিকার শামসুল হক (টুকু) হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন।
এমন পরিস্থিতিতে সংসদের প্রথম অধিবেশন ও স্পিকার নির্বাচনের সময় সভাপতিত্ব কে করবেন, তা নিয়ে আলোচনা তৈরি হয়েছে। এ ক্ষেত্রে নির্বাচিত কোনো সংসদ সদস্য অথবা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সভাপতিত্ব করবেন বলে জানা গেছে।
শপথ গ্রহণ অনুষ্ঠানের পর থেকেই সংসদ অধিবেশনের প্রস্তুতি শুরু করেছে সংসদ সচিবালয়। সংসদ ভবনের ভেতর ও বাইরে পরিচ্ছন্নতা, রক্ষণাবেক্ষণ, প্রয়োজনীয় সংস্কার ও অবকাঠামোগত প্রস্তুতির কাজ সম্পন্ন হয়েছে। অধিবেশনের জন্য অধিবেশন কক্ষ ও সাউন্ড সিস্টেম প্রস্তুত করা হয়েছে। পাশাপাশি প্রটোকল, নিরাপত্তা ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে সচিবালয়ের বিভিন্ন দপ্তর ও শাখা প্রস্তুত রয়েছে।
ঈদের আগে অধিবেশন শুরু হলেও একটি বিরতি দিয়ে এ অধিবেশন এপ্রিল পর্যন্ত চলবে। অধিবেশনের প্রথম দিনে রাষ্ট্রপতির দেওয়া ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাব নিয়ে সংসদে দীর্ঘ আলোচনা হবে। এতে সরকার ও বিরোধী দলের অধিকাংশ সদস্য বক্তৃতা করবেন। পরে ধন্যবাদ প্রস্তাব গৃহীত হবে।
এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ১২ মার্চ শুরু হবে। অন্তর্বর্তী সরকারের সময় যেসব অধ্যাদেশ জারি করা হয়েছিল, সেগুলো সংসদে উপস্থাপন করা হবে।
ঢাকা/রফিক