ঢাকা     রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

করোনার টিকা সংগ্রহে আট হাজার কোটি টাকার তহবিল

কেএমএ হাসনাত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৩৩, ২৬ আগস্ট ২০২০   আপডেট: ০৯:২৭, ২৬ আগস্ট ২০২০
করোনার টিকা সংগ্রহে আট হাজার কোটি টাকার তহবিল

সরকার আন্তর্জাতিক উৎস থেকে করোনা ভাইরাসের ভ্যাকসিন সংগ্রহের জন্য আট হাজার কোটি টাকার একটি তহবিল গঠন করেছে।

এ খাতে চলতি অর্থবছরের বাজেটে ১০ হাজার কোটি টাকার একটি বিশেষ থোক বরাদ্দ রয়েছে। ওখান থেকে এ তহবিল গঠন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে অর্থ বিভাগের এক কর্মকর্তা বলেন, ভ্যাকসিন সংগ্রহের জন্য সম্ভাব্য পরিমাণ  ও এরজন্য কত টাকার প্রয়োজন হতে পারে তা নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) এবং অর্থ বিভাগের মধ্যে একাধিক সভা হয়েছে।

করোনা ভাইরাসের প্রতিষেধক নিশ্চিত হওয়ার পরপরই যেন দ্রুততম সময়ে তা সংগ্রহ করা যা সেই বিষয়ে প্রধানমন্ত্রী নজর রেখে চলেছেন। আর এ বিষয়ে পিএমও, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় ও অর্থ বিভাগ কাজ করছে। বাংলাদেশের মোট জনসংখ্যা বিবেচনা করে করোনা ভাইরাসের ভ্যাকসিন সংগ্রহ করা হবে বলে সূত্র জানিয়েছে। জাতিসংঘের এক জরিপ অনুযায়ী ২০২০ সালের মাঝামাঝি সময়ে বাংলাদেশের জনসংখ্যা ১৬ কোটি ৪৬ লাখ ৮৯ হাজার ৩৮৩ জন বলে জানা গেছে।

ভ্যাকসিনগুলোকে অবশ্যই অন্য ওষুধের তুলনায় উচ্চতর সুরক্ষা মান অনুসরণ করতে হবে কারণ সেগুলো লাখ লাখ মানুষকে দেওয়া হবে। সম্প্রতি কোভিড -১৯ সংক্রান্ত এক সভায় ভ্যাকসিন সংগ্রহের বিষয়ে স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান বলেছেন, একটি ভ্যাকসিন সংগ্রহের জন্য ব্যয় হতে পারে ৪০ ডলার বা বাংলাদেশি মুদ্রায় তিন হাজার ৪০০ টাকা।

এর আগে গত সোমবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এক সভায় বলেছেন, মহামারি থেকে মানুষকে বাঁচাতে যেখান থেকেই হোক, সম্ভাব্য দ্রুত সময়ে ভ্যাকসিন সংগ্রহের জন্য যোগাযোগ অব্যাহত আছে। তিনি বলেন, ‘বিশ্বের বেশ কয়েকটি দেশ ইতোমধ্যে ভ্যাকসিন উৎপাদন অ্যাডভান্স স্টেজে রয়েছে বলে দাবি করা হয়েছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং চীনের বেশ কয়েকটি প্রতিষ্ঠান ভ্যাকসিন গবেষণার উন্নত পর্যায়ে রয়েছে। রাশিয়াও কোভিড -১৯ ভ্যাকসিনে সাফল্যের দাবি করেছে। আমরা সব দিকেই নজর রাখছি।’

ঢাকা/হাসনাত/ফাহিম

সর্বশেষ

পাঠকপ্রিয়