শ্রমিক কল্যাণ তহবিলে ১ কোটি ৩৯ লাখ টাকা দিল এসিআই
বাংলাদেশ শ্রম আইন ২০০৬ অনুযায়ী কোম্পানির বাৎসরিক লভ্যাংশের ০.৫ শতাংশ হারে ১ কোটি ৩৯ লাখ ৬৩ হাজার ৬৯৭ টাকা সরকারের শ্রমিক কল্যাণ তহবিলে জমা দিয়েছে এসিআই লিমিটেড।
মঙ্গলবার (৪ মার্চ) সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড. এম সাখাওয়াত হোসেনের হাতে চেক হস্তান্তর করা হয়।
এ সময় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান, নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক মো. মুনির হোসেন খান এবং এসিআই লিমিটেডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এসিআই লিমিটেড অনেক বড় ও আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান, উল্লেখ করে উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেছেন, তাদের দেওয়া অর্থ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিলে জমা হবে। বাংলাদেশের সব অঞ্চল ও স্তরের প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক শ্রমিক ও শ্রমিকের পরিবারের আর্থ-সামাজিক উন্নয়নে এ অর্থ ব্যয় হবে।
তিনি বলেন, এ টাকা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের কাছে একধরনের আমানত। এ ধরনের অনুষ্ঠানের ফলে অন্যান্য প্রতিষ্ঠান শ্রম আইন অনুযায়ী শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে মুনাফার নির্দিষ্ট পরিমাণ অর্থ দিতে উৎসাহিত হবে। অনেক বড় প্রতিষ্ঠান, বিল্ডার্স কোম্পানিসহ বিভিন্ন গ্রুপ অব কোম্পানি তাদের লভ্যাংশের অর্থ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে জমা দেবে।
শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলের অর্থ দুস্থ শ্রমিক ও মৃত শ্রমিকদের পরিবারকে অনুদান, শিক্ষাবৃত্তি এবং শ্রমিকদের জরুরি চিকিৎসায় ব্যয় করা হবে বলে জানিয়েছেন শ্রম উপদেষ্টা।
ঢাকা/নঈমুদ্দীন/রফিক
নিখোঁজ পাইলটকে উদ্ধারে আসা মার্কিন বিমান ধ্বংসের দাবি ইরানের