ঢাকা     বৃহস্পতিবার   ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

৭ ফেব্রুয়ারির মধ্যে সব আসনে ব্যালট পৌঁছাবে: ইসি সচিব

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৮, ৫ ফেব্রুয়ারি ২০২৬  
৭ ফেব্রুয়ারির মধ্যে সব আসনে ব্যালট পৌঁছাবে: ইসি সচিব

আগামী ৭ ফেব্রুয়ারির মধ্যে সব আসনে ব্যালট পেপার পৌঁছাবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। 

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) আগারগাঁও নির্বাচন কমিশনে তিনি এ তথ্য জানান।

সচিব বলেন, ‘‘ইতোমধ্যে ১১৬টি সংসদীয় আসনের ব্যালট পেপার সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। বাকি আসনগুলোর ব্যালট আগামী ৭ ফেব্রুয়ারির মধ্যে পৌঁছে যাবে।’’

ইইউ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের বিষয়ে সচিব বলেন, ‘‘ইউরোপীয় ইউনিয়নের ডেলিগেশন চিফ আমাদের প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে দেখা করতে এসেছিলেন। তারা মূলত আমাদের নির্বাচনের প্রস্তুতি এবং আগামী ১২ ফেব্রুয়ারির ভোট নিয়ে খোঁজ-খবর নিয়েছেন। আমাদের দিক থেকে কোনো শঙ্কা আছে কি না, সেটিও তারা জানতে চেয়েছেন।’’ 

ব্যালট পেপার পৌঁছাতে বিলম্ব হওয়ার কারণ ব্যাখ্যা করে সচিব জানান, আদালতের নির্দেশনায় শেষ মুহূর্তে কিছু প্রার্থীর প্রার্থিতা ফিরে পাওয়ার কারণে কয়েকটি আসনে ব্যালট পেপার নতুন করে ছাপাতে হয়েছে। তবে ৭ তারিখের মধ্যে সব এলাকায় ব্যালট পৌঁছে যাবে বলে তিনি আশ্বস্ত করেন।

নির্বাচনকালীন গুজব ও অপপ্রচার রোধকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে কমিশন। এ প্রসঙ্গে সচিব বলেন, ‘‘আমরা মেটার সঙ্গে আলোচনা করছি। আমরা চাই না ইন্টারনেটের গতি কমিয়ে দেওয়া হোক। বরং আমরা মেটাকে অনুরোধ করেছি যাতে বিদ্রূপাত্মক, আক্রমণাত্মক বা অপপ্রচারমূলক কন্টেন্টগুলো ডাউন করে দেওয়া হয়।’’

কমিশনের কৃত্রিম বুদ্ধিমত্তা সেল এ বিষয়ে মেটার সঙ্গে সমন্বয় করছে বলেও জানান তিনি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সচিব জানান, সাত দিন সেনাবাহিনী, আট দিন আনসার এবং নিয়মিত পুলিশ বাহিনী মোতায়েন থাকবে। এছাড়া ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত নির্বাচনি মাঠে থাকবেন ১৫০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। তারা মূলত মোবাইল কোর্ট পরিচালনা করবেন। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের তালিকাও দ্রুত সময়ে পাওয়া যাবে বলে জানান তিনি। 

দেশি পর্যবেক্ষকদের সুযোগ-সুবিধা নিয়ে এক প্রশ্নের জবাবে সচিব বলেন, ‘‘দেশি পর্যবেক্ষকদের ক্ষোভের কথা আমার দপ্তরে লিখিতভাবে আসেনি। তবে বিদেশি পর্যবেক্ষকদের মতো তারাও যাতে সুষ্ঠুভাবে কাজ করতে পারেন, সেদিকে আমাদের নজর রয়েছে।’’

ঢাকা/এমএসবি//

সর্বশেষ

পাঠকপ্রিয়