প্রথমবার ভোট দিয়ে আবেগাপ্লুত প্রতিবন্ধী মুশফিকুজ্জামান
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
সেন্টাল উইমেন্স কলেজ কেন্দ্রে ভোট দিয়ে বেরিয়ে আসার পর মুশফিকুজ্জামানের উচ্ছ্বাস প্রকাশের মুহূর্ত।
জীবনে প্রথমবারের মতো ভোট দিতে পেরে ভীষণ খুশি ২২ বছর বয়সী প্রতিবন্ধী তরুণ মুশফিকুজ্জামান।
বৃহঃস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর সেন্টাল উইমেন্স কলেজ কেন্দ্র থেকে ভোট দিয়ে বেরিয়ে এসে আবেগাপ্লুত হয়ে নিজের অনুভূতির কথা জানান তিনি।
ভোট দেওয়ার পর মুশফিকুজ্জামান বলেন, “আজ আমার জীবনের খুব গুরুত্বপূর্ণ একটি দিন। অনেক দিন ধরে অপেক্ষা করেছি এই মুহূর্তটার জন্য। আমি প্রতিবন্ধী হলেও দেশের একজন নাগরিক হিসেবে ভোট দেওয়ার সুযোগ পেয়েছি। এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওয়া।”
তিনি জানান, ভোটকেন্দ্রে পৌঁছাতে কিছুটা কষ্ট হলেও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা এবং স্বেচ্ছাসেবকেরা তাকে সহযোগিতা করেছেন। র্যাম্প ও সহায়তার মাধ্যমে তিনি নির্বিঘ্নে ভোট দিতে পেরেছেন। এজন্য সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতাও জানান তিনি।
তিনি আরো বলেন, “ভোট দেওয়া শুধু একটি অধিকার নয়, এটা নিজের অস্তিত্ব প্রকাশ করার জায়গা। আমি চাই, আমার মতো প্রতিবন্ধীরা যেন কখনো পিছিয়ে না থাকে। সবাই যেন সমানভাবে ভোট দিতে পারে।”
তার সঙ্গে থাকা পরিবারের সদস্যরাও জানান, ছেলেকে প্রথম ভোট দিতে নিয়ে আসাটা তাদের জন্যও আবেগের।
তারা বলেন, “প্রতিবন্ধীদের জন্য ভোটকেন্দ্রে সহযোগিতার পরিবেশ আরো বাড়ানো হলে অংশগ্রহণ আরো বাড়বে।”
ভোটকেন্দ্রে উপস্থিত অন্য ভোটারদের মধ্যেও মুশফিকুজ্জামানের প্রথম ভোট দেওয়ার বিষয়টি আলোচনার সৃষ্টি করে। অনেকেই তার সাহস ও দৃঢ়তাকে সাধুবাদ জানান।
প্রথমবার ভোট দিতে পেরে মুশফিকুজ্জামান আশাবাদ ব্যক্ত করে বলেন, ভবিষ্যতেও তিনি নিয়মিত ভোট দেবেন এবং দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিজের অবস্থান থেকে ভূমিকা রাখবেন।
তার মতে, প্রতিবন্ধী হোক বা সুস্থ ভোটের অধিকার সবার জন্য সমান, আর সেই অধিকার প্রয়োগ করাই একজন সচেতন নাগরিকের দায়িত্ব।
ঢাকা/এএএম/জান্নাত