ঢাকা     বুধবার   ১১ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মৌলভীবাজারে জামায়াত নেতাকর্মীর ওপর বিএনপির হামলার অভিযোগ

মৌলভীবাজার প্রতিনিধি: || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৯, ১১ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১২:২৭, ১১ ফেব্রুয়ারি ২০২৬
মৌলভীবাজারে জামায়াত নেতাকর্মীর ওপর বিএনপির হামলার অভিযোগ

হামলায় ক্ষতিগ্রস্ত গাড়ি

মৌলভীবাজারের জুড়ী উপজেলার শিলুয়ায় বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দীন মিঠুর নেতৃত্বে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। মিঠু ও তার সহযোগীরা এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে জামায়াতে ইসলামী। 

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে শিলুয়ায় নাসির উদ্দীন মিঠুর বাসার সামনে হামলা এবং গাড়ি ভাঙচুর হয় বলে দলটি জানায়। 

আরো পড়ুন:

হামলায় জামায়াত প্রার্থী মোহাম্মদ আমিনুল ইসলামের বড় ভাই আতিকুল ইসলামসহ জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান, শিবির নেতা তারেক, আব্দুল্লাহ, এনসিপির নেতাসহ অন্তত ১০ জন আহত হন। ৩ জনকে উন্নত চিকিৎসার জন‍্য সিলেট হাসপাতালে পাঠানো হয়।

হামলায় আহত তারেক রহমান জানান, চাকু দিয়ে দুই জনকে আঘাত করা হয়েছে। এ ছাড়াও হামলাকারীদের হাতে দেশীয় অস্ত্র ছিল। 

জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান বলেন, ‘‘নাসির উদ্দীন মিঠুর নেতৃত্বে আমাদের ওপর হামলা হয়। আমি নিজেও আহত হই তাদের হামলায়। এ ঘটনায় আমাদের ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন।’’

এ প্রসঙ্গে বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দীন মিঠু বলেন, ‘‘জেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুর রহমানসহ কয়েকজন শিলুয়া এলাকায় যান। সেখানে গিয়ে টাকা বিতরণ করার চেষ্টা করলে আমার নেতাকর্মীরা বাধা দেয়। এ সময় কয়েকজন আমার বাসার সামনে হামলা করার চেষ্টা করে। আমি ইউএনওকে বিষয়টি অবগত করেছি।’’ 

এদিকে হামলার খবর শুনে এবং অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাতে জুড়ী থানার সামনে অবরোধ করেন জামায়াতের নেতাকর্মীরা। ইউএনও মো. মারুফ দস্তেগীর বিক্ষোভকারীদের গ্রেপ্তারের আশ্বাস দিয়ে বলেন, ‘‘পুলিশ অবশ্যই অপরাধীদের গ্রেপ্তারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’’  

জুড়ী থানার ওসি মিনহাজ আহমদ ঘটনার সত‍্যতা নিশ্চিত করে বলেন, ‘‘এ ঘটনায় মামলা হয়েছে। আমরা আইনি ব‍্যবস্থা গ্রহণ করবো।’’

ঢাকা/আজিজ/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়