বগুড়া-৬, শেরপুর-৩ আসনের নির্বাচনি কর্মকর্তাদের ছুটি বাতিল
নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম
ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত বগুড়া-৬ ও স্থগিত শেরপুর-৩ আসনের উপনির্বাচন সুষ্ঠু ও অবাধভাবে সম্পন্ন করতে বিশেষ অফিস আদেশ জারি করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)।
নির্বাচনী কার্যক্রম নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সাপ্তাহিক ছুটি বাতিলসহ অফিস সময়ের পরেও দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
আগামী ৯ এপ্রিল এই দুই আসনে ভোটগ্রহণ হবে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) ইসির সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমানের সই করা এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে বিজয়ী হন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বগুড়া-৬ আসনটি ছেড়ে দেওয়ার পর ইসি সেটি শূন্য ঘোষণা করে। ফলে বগুড়া-৬ আসনে উপ-নির্বাচন হবে। শেরপুর-৩ আসনে জামায়াতের প্রার্থী মারা যাওয়ায় নির্বাচন স্থগিত করা হয়েছিল। এই আসনে নির্বাচন হবে।
এই দুই আসনে নির্বাচনি কার্যক্রমের বিষয়ে বুধবারে অফিস আদেশে বলা হয়েছে, গত ২৪ ফেব্রুয়ারি নির্বাচন ও উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে সচিবালয়ের আওতাধীন মাঠপর্যায়ের সংশ্লিষ্ট সব কর্মকর্তা ও কর্মচারী রাজস্ব ও আউটসোর্সিং উভয় শ্রেণির সাপ্তাহিক সরকারি ছুটির দিন এবং অফিস সময়ের পর অফিসে উপস্থিত থেকে নির্ধারিত দায়িত্ব পালন করবেন।
আদেশে আরো বলা হয়েছে, নির্বাচনের ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত কোনো কর্মকর্তা বা কর্মচারী বিশেষ প্রয়োজন ছাড়া কর্মস্থল ত্যাগ করতে পারবেন না। একান্ত প্রয়োজনে কর্মস্থল ত্যাগের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতি নিতে হবে।
ইসি সচিবালয়ের পাশাপাশি সংশ্লিষ্ট হিসাবরক্ষণ অফিস, সরকারি পরিবহন পুলের গাড়িচালক এবং দৈনিকভিত্তিক নিয়োজিত কর্মীরাও এ নির্দেশনার আওতায় থাকবেন বলে জানানো হয়েছে।
এ ছাড়া নির্বাচন কমিশন সচিবালয়ের সাংগঠনিক কাঠামোর বাইরে থাকা নিরাপত্তা ও প্রটোকল দায়িত্বে নিয়োজিত বাহিনীগুলোকেও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ইসির নিরাপত্তা ও প্রটোকলে নিয়োজিত দেহরক্ষী, গানম্যান, পুলিশ ও আনসার সদস্যদের তফসিল ঘোষণার দিন থেকে ফলাফল প্রকাশ পর্যন্ত সার্বক্ষণিক নিজ নিজ দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
ঢাকা/এমএসবি/রাসেল