ঈদের পর স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নেওয়া হবে: ইসি মাছউদ
আরএফইডি’র বার্ষিক সাধারণ সম্মেলনে বক্তব্য দেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ (মাঝে)।
ঈদের পর থেকেই স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
রবিবার (১ মার্চ) রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) বার্ষিক সাধারণ সম্মেলনে শুভেচ্ছা বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আব্দুর রহমানেল মাছউদ বলেন, “নির্বাচন কমিশনের কোনো অবসর নেই। সংসদ নির্বাচন ও রাষ্ট্রপতি নির্বাচন ছাড়াও অসংখ্য স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করতে হয়। তাই ঈদের পর থেকেই স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু হবে এবং বছরজুড়ে তা চলবে।”
তিনি বলেন, “নির্বাচন কমিশনের একটি বড় অংশীদার সাংবাদিকরা। সাংবিধানিকভাবে কমিশনের কোনো ভুল হলে তারা সমালোচনা করেন এবং আরো ভালোভাবে নির্বাচন আয়োজনের পরামর্শ দেন।”
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ভালো হয়েছে উল্লেখ করে তিনি আরো বলেন, “ভালোর কোনো শেষ নেই, আমরা আরো ভালো করতে চাই।”
দলীয় প্রতীক নাকি নির্দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন হবে এ বিষয়ে জানতে চাইলে এই নির্বাচন কমিশনার বলেন, “সিদ্ধান্তের জন্য সংসদের প্রথম অধিবেশনের অপেক্ষায় রয়েছে কমিশন।” আইন অনুযায়ী অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য কমিশন প্রস্তুত থাকবে বলেও জানান তিনি।
ঢাকা/এমএসবি/মাসুদ