ঢাকা     রোববার   ০১ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ১৬ ১৪৩২ || ১২ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০২, ১ মার্চ ২০২৬  
আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী

রবিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে প্রেস ব্রিফিং করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

বাংলাদেশে এখন আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো হয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রবিবার (১ মার্চ) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে প্রেস ব্রিফিংয়ে এ দাবি করেন তিনি। 

মন্ত্রী বলেন, “গত ১৩ দিনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে দৃশ্যমান উন্নয়ন হয়েছে। এখন আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো।” 

তিনি বলেন, “ভালো একটা রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত হলে দেশে স্থিতিশীলতা আসে; মানুষের মনে শান্তি এবং নিশ্চয়তা আসে। এসব কারণেই আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো।”

সালাহউদ্দিন আহমদ বলেন, “নরসিংদীতে একটা নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে। আমরা বলেছি, ২৪ ঘণ্টা থেকে ৪৮ ঘণ্টার ভিতরে সমস্ত অপরাধীকে গ্রেপ্তার করতে হবে। সেখানে ২৪ ঘণ্টার মধ্যে মূল আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আরো দু'-তিনটা এরকম ঘটনা ঘটেছে। সবগুলো ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুততম সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তারে সক্ষম হয়েছে।” 

তিনি বলেন, “আমরা গণক নই যে, ঘটনা ঘটার আগে আমরা সেটা জানব। কিন্তু, ঘটনা ঘটার পরে আমাদের দায়িত্ব আমরা পালন করছি কি না, সেটাই হচ্ছে মানুষের দেখার বিষয়। আমরা জনগণকে সেটা দেখাতে পেরেছি।”

মন্ত্রী আরো বলেন, “আইনশৃঙ্খলা বাহিনী কতটা আন্তরিক, কতটা কঠোর; এ বিষয়ে জনগণ ইতোমধ্যে বুঝতে পেরেছে। আমি আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দিয়েছি, তদন্তের দায়িত্ব আমাদের। আমরা যেকোনো ঘটনায় খুব দ্রুত তদন্তের মধ্যে দিয়ে আদালতে চার্জশিট দাখিল করব, যাতে ন্যায়বিচার নিশ্চিত করা যায়।”

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, “গত দেড় বছরে অন্তর্বর্তী সরকারের আমলে ১৩৩টার মতো অধ্যাদেশ জারি হয়েছে। এর মধ্যে কতগুলো স্পর্শকাতর অধ্যাদেশ রয়েছে। জাতীয় সংসদ অধিবেশনের প্রথম দিনেই এই অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে। পার্লামেন্টের নিয়ম অনুসারে সেই অধ্যাদেশগুলো হুবহু কোনগুলো সংসদ গ্রহণ করবে, সেগুলো জাতীয় সংসদে নির্ধারিত হবে। কিছু কিছু অধ্যাদেশ হয়তো সংশোধনীসহ গ্রহণ করা হতে পারে, সেটিও জাতীয় সংসদে নির্ধারিত হবে। আর কোন কোনগুলো তাদের হয়ত প্রয়োজন হবে না, তামাদি হয়ে যাবে, তাও জাতীয় সংসদে নির্ধারিত হবে। সে বিষয়ে আইন মন্ত্রণালয় কাজ করছে। আশা করি, সংসদ অধিবেশন শুরু হলে আপনারা সবাই এ বিষয়ে অবহিত হবেন।”

ঢাকা/এএএম/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়