জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
জ্বালানি তেলের অবৈধ মজুত, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি ও পাচার রোধে জেলা প্রশাসকদের (ডিসি) ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
সোমবার (৯ মার্চ) এ বিষয়ে দেশের সব জেলা প্রশাসকের কাছে নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হয়েছে। এর আগে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মন্ত্রিপরিষদ বিভাগকে চিঠি দেয় জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ।
ডিসিদের কাছে পাঠানো মন্ত্রিপরিষদ বিভাগের চিঠিতে বলা হয়েছে, জ্বালানি তেলের বাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং কৃত্রিম সংকট প্রতিরোধের লক্ষ্যে জ্বালানি তেলের অবৈধ মজুত, নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে বিক্রি, খোলা বাজারে বিক্রি এবং পাচার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে হবে।
এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানান, জ্বালানি তেলের বাজার স্বাভাবিক রাখতে এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় মাঠপর্যায়ে তদারকি জোরদার করা হবে। এজন্য জেলা প্রশাসনের নেতৃত্বে নিয়মিত অভিযান পরিচালনার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
ঢাকা/এএএম/জান্নাত