১৮টি সামাজিক নিরাপত্তা বাস্তবায়নে মন্ত্রিসভা কমিটি, প্রজ্ঞাপন জারি
ফ্যামিলি কার্ড, বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা, প্রতিবন্ধী ভাতা, বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, মা ও শিশু সহায়তা, ভিডব্লিউবি, খাদ্যবান্ধব কর্মসূচি, ভিজিএফ, কৃষক কার্ডসহ ১৮টি সামাজিক নিরাপত্তা কর্মসূচির সার্বিক তদারকি, মূল্যায়ন ও বাজেট নির্ধারণে সামাজিক নিরাপত্তা কর্মসূচি সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে।
রবিবার (১৯ এপ্রিল) এই কমিটি গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগে ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর গঠন করা এ সংক্রান্ত কমিটি বাতিল করা হয়েছে।
নতুন গঠিত ১৪ সদস্যের সামাজিক নিরাপত্তা কর্মসূচি সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি অর্থমন্ত্রী। কমিটিতে স্থানীয় সরকার, মহিলা ও শিশুবিষয়ক, সমাজকল্যাণ, ধর্ম, পরিবেশ, মুক্তিযুদ্ধবিষয়ক, শ্রম ও কর্মসংস্থান, মৎস্য ও প্রাণিসম্পদ, কৃষি, পানি সম্পদ এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রীরা সদস্য হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন। এছাড়া খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীও সদস্য হিসেবে রয়েছেন।
কমিটিকে সহায়তা করতে মন্ত্রিপরিষদ সচিবসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সিনিয়র সচিবরা দায়িত্ব পালন করবেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, প্রতি বছর মার্চ মাসে কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় আগের বছরের কর্মসূচির সার্বিক মূল্যায়ন এবং পরবর্তী অর্থবছরের বাজেট নির্ধারণ করা হবে। এছাড়া প্রতি তিন মাসে একবার নিয়মিত সভা অনুষ্ঠিত হবে।
কমিটির কার্যপরিধিতে ফ্যামিলি কার্ড, বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা, প্রতিবন্ধী ভাতা, বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, মা ও শিশু সহায়তা, ভিডব্লিউবি, খাদ্যবান্ধব কর্মসূচি, ভিজিএফ, কৃষক কার্ডসহ মোট ১৮টি গুরুত্বপূর্ণ সামাজিক নিরাপত্তা কর্মসূচি অন্তর্ভুক্ত করা হয়েছে।
এছাড়া ক্যানসার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোক ও জন্মগত হৃদরোগসহ জটিল রোগে আক্রান্তদের আর্থিক সহায়তা, অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, অতি দরিদ্রদের কর্মসংস্থান এবং উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানি প্রদান কার্যক্রমও কমিটির তদারকির আওতায় থাকবে।
সমাজকল্যাণ মন্ত্রণালয় এ কমিটিকে সাচিবিক সহায়তা দেবে। প্রয়োজন হলে কমিটি নতুন সদস্য অন্তর্ভুক্ত (কো-অপ্ট) করতে পারবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
ঢাকা/নঈমুদ্দীন/সাইফ
২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৩, আক্রান্ত ১১৭০