ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কথা বলার অধিকার হরণ করতে নিবর্তনমূলক আইন: কাদের

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫০, ২৮ ফেব্রুয়ারি ২০২৩  
কথা বলার অধিকার হরণ করতে নিবর্তনমূলক আইন: কাদের

মানুষের কথা বলার অধিকার হরণ করতে বিভিন্ন নিবর্তনমূলক আইন করা হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি।

তিনি বলেছেন, বাকস্বাধীনতা মানুষের জন্মগত অধিকার। মানুষের কথা বলার অধিকার সীমিত করা হচ্ছে। মানুষের কথা বলার অধিকার হরণ করতে বিভিন্ন নিবর্তনমূলক আইন করা হয়েছে। কালো আইনের বেড়াজালে গণমাধ্যমের কণ্ঠ নিয়ন্ত্রণ করা হচ্ছে।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে সাবেক তথ্য প্রতিমন্ত্রী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাংবাদিক সৈয়দ দীদার বখতের ‘আনন্দী প্রেরণা’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

গোলাম মোহাম্মদ কাদের বলেন, প্রজাতন্ত্রের মানে হচ্ছে, সাধারণ মানুষই দেশের মালিক। তারা দেশ পরিচালনার জন্য প্রতিনিধি নির্বাচন করবে। সাধারণ মানুষের ইচ্ছেমতো তাদের প্রতিনিধিত্বকারী সরকার দেশ পরিচালনা করবে। তারা সে অনুযায়ী দেশ চালাতে ব্যর্থ হলে নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি পরিবর্তন করবে সাধারণ মানুষ। সাধারণ মানুষের ইচ্ছা-অনিচ্ছার খোঁজ-খবর রাখা সরকারের জন্য অত্যন্ত জরুরি। সেভাবে দেখলে, সরকারের কর্মকাণ্ড সম্পর্কে মতামত ব্যক্ত করা জনগণের অধিকার নয়, কর্তব্যও বলা যায়। রাষ্ট্র পরিচালনার বিষয়ে সাধারণ মানুষ সরকারের সমালোচনা করবে এবং মতামত দেবে, এটাই স্বাভাবিক। আমরা দেশ ও মানুষের জন্য রাজনীতি করছি। ভয়-ভীতি উপেক্ষা করে আমরা গণমানুষের কথা বলব। সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠাই আমাদের প্রকৃত এজেন্ডা।

বইয়ের লেখক সৈয়দ দীদার বখত বলেন, তরুণদের উদ্দেশে বইটি লেখা হয়েছে। তরুণ প্রজন্ম যেন ইতিবাচক দৃষ্টিতে এগিয়ে চলে। তাদের মধ্যে যেন দেশপ্রেম জাগ্রত থাকে, সেজন্যই বইটি প্রকাশ করা হয়েছে। বইয়ে লেখকের মহান ভাষা আন্দোলনে অবদানের একটি অংশ সন্নিবেশ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন ভিন্ন মাত্রা প্রকাশনীর মো. মাসুম বিল্লাহ, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান এমপি, কেন্দ্রীয় নেতা জেসমিন নূর প্রিয়াংকা।

চেয়ারম্যানের উপদেষ্টা হলেন তৈয়বুর রহমান:
জাতীয় পার্টিতে নবাগত বীর মুক্তিযোদ্ধা মো. তৈয়বুর রহমানকে পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি এ সিদ্ধান্ত নেন। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, প্রেসিডিয়াম সদস্য শফিকুল ইসলাম সেন্টু, চেয়ারম্যানের উপদেষ্টা মনিরুল ইসলাম মিলন, ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম পাঠান, যুগ্ম মহাসচিব ফখরুল আহসান শাহজাদা, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন সরকার, যুগ্ম দপ্তর সম্পাদক সমরেশ মন্ডল মানিক, কেন্দ্রীয় নেতা খলিলুর রহমান খলিল।


যুবলীগ নেতার জাপায় যোগদান:
কুমিল্লা সিটি কর্পোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক যুবলীগ নেতা আবু তালেব রিপন জাতীয় পার্টিতে যোগ দিয়েছেন।

মঙ্গলবার বনানী কার্যালয়ে পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপির হাতে ফুল তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টিতে যোগ দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, সৈয়দ দীদার বখত, ভাইস চেয়ারম্যান মোবারক হোসেন আজাদ, আহসান আদেলুর রহমান আদেল এমপি, দপ্তর সম্পাদক-২ এম এ রাজ্জাক খান এবং অ্যাডভোকেট সাকিব রহমান।

নঈমুদ্দীন/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়