ঢাকা     মঙ্গলবার   ১০ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৫ ১৪৩২ || ২০ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

নারীর নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করব: আরিফুল

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৫, ৪ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৭:৩৬, ৪ ফেব্রুয়ারি ২০২৬
নারীর নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করব: আরিফুল

ঢাকা-১৮ আসনের ১১ দলের জোটের প্রার্থী আরিফুল ইসলাম আদিব বলেছেন, “নারীদের অধিকার রক্ষায় ঘর ও কর্মক্ষেত্রে নারীর নিরাপত্তা, মর্যাদা ও সম্মান নিশ্চিত করা হবে। নারীর নিরাপত্তা ও মর্যাদা কোনো বিশেষ সুবিধা নয়; এটি নারীর মৌলিক অধিকার। নারীরা নিরাপদ ও সম্মানিত না হলে দেশের সার্বিক অগ্রগতি কখনোই সম্ভব নয়।”

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর উত্তরার মোল্লারটেক কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর দক্ষিণখান থানার মহিলা শাখার আয়োজনে এক মহিলা সমাবেশে তিনি এ কথা বলেন।

আরো পড়ুন:

ঢাকা-১৮ আসনের নারীদের জন্য পরিকল্পনার বিষয়ে আরিফুল ইসলাম বলেন, “নারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে বিশেষ পরিবহন সার্ভিস চালু করা হবে, গণপরিবহনে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে। এছাড়া নারীদের জন্য বিভিন্ন জায়গায় স্বাস্থ্যসম্মত পাবলিক টয়লেট নির্মাণ করার পরিকল্পনা রয়েছে।”

আরিফুল ইসলাম বলেন, “শেখ হাসিনার বিগত ১৭ বছরের শাসনামলে সংঘটিত সকল হত্যাকাণ্ডের ঘটনার নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে বিচার নিশ্চিত করতে হবে। এছাড়া স্বাধীনতার পর থেকে বাংলাদেশ যে রাষ্ট্রীয় ব্যবস্থার মধ্য দিয়ে পরিচালিত হয়ে আসছে, সেখানে প্রকৃত অর্থে নাগরিকের অধিকার প্রতিষ্ঠিত হয়নি। ফলে এতদিন যে সাংবিধানিক কাঠামোর অধীনে দেশ পরিচালিত হয়েছে, তা পরিবর্তন এখন সময়ের দাবি। তাই মৌলিক সংস্কারের ভিত্তিতে প্রণীত ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নের জন্য গণভোটে ‘হ্যা’-কে বিজয়ী করতে হবে।”

তিনি আরো বলেন, “এবারের নির্বাচন শুধু ক্ষমতা বদলের নির্বাচন নয়; এটি ভারতসহ অন্যান্য রাষ্ট্রের আধিপত্যবাদ থেকে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার নির্বাচন। একই সঙ্গে এটি দেশের মানুষের বিশ্বাস, সংস্কৃতি ও জীবনযাপনের স্বাধীনতা রক্ষার নির্বাচন। এসব লক্ষ্য সামনে রেখে আমরা এনসিপি-জামায়াতে ইসলামীসহ ১০ দল ঐক্যবদ্ধ বাংলাদেশ' জোট গঠন করেছি।”

জামায়াত-এনসিপি সমর্থিত ১০ দলীয় জোট মনোনীত এই প্রার্থী বলেন, “আমাদের মূল লক্ষ্য হচ্ছে সব হত্যাকাণ্ডর বিচার নিশ্চিত করা, রাষ্ট্রের মৌলিক সংস্কার করা এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়া। পাশাপাশি সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলাই ঐক্যবদ্ধ বাংলাদেশ-এর অঙ্গীকার।”

বিএনপির সমালোচনা করে আরিফুল ইসলাম বলেন, “দেশে বর্তমানে বিএনপি সন্ত্রাসকে প্রতিপালন করছে। নির্বাচনকে কেন্দ্র করে তাদের হামলার শিকার শুধু আমরা নই; দীর্ঘদিন ধরে যারা তাদের সঙ্গে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অংশ নিয়েছে, একসঙ্গে জেল-জুলুম সহ্য করেছে- তারাও আজ বিএনপির নেতাকর্মীদের হামলায় আহত ও নিহত হচ্ছে। জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে অভ্যন্তরীণ কোন্দলে তাদের দেড় শতাধিক নেতাকর্মী নিহত হয়েছে। যারা নিজেদের নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ, তারা দেশের সাধারণ মানুষের নিরাপত্তা কীভাবে নিশ্চিত করবে?”

সমাবেশে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর দক্ষিণখান পশ্চিম থানা আমির আবু সাঈদ শাহনাওয়াজ, নায়েবে আমির মো. মামুন ও সেক্রেটারী আলী হোসাইন মুরাদ এবং মহিলা বিভাগের উত্তরা পূর্ব জোন পরিচালিকা মর্জিনা খাতুন ও দক্ষিণখান পশ্চিম থানা সেক্রেটারী ফাতেমা ইয়াছমিন রুমা প্রমুখ।

ঢাকা/রায়হান/সাইফ

সর্বশেষ

পাঠকপ্রিয়