ক্ষোভ জামায়াত আমিরের
‘কিছু আসনে ইঁদুর বিড়াল খেলা, এগিয়ে থাকার পরও ঘোষণা দিচ্ছেন না কেন?’
বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
‘‘ঢাকা-৮ সহ বেশ কিছু আসনে ১১ দলীয় জোটের প্রার্থী এগিয়ে থাকার পরও ফল ঘোষণা না দিয়ে ঝুলিয়ে রাখার অভিযোগ করে ক্ষোভ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ ক্ষোভ প্রকাশ করেন। তবে বেসরকারি ফলাফলে ‘হ্যাঁ’ ভোট জয়ী হওয়া নিয়েও সন্তোষ প্রকাশ করেন তিনি।
এ সময় তার সঙ্গে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, জাগপার সহ-সভাপতি রাশেদ প্রধান, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়েরসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নির্বাচনের কয়েকটি আসনের ভোটের ফলাফল ঘোষণায় বিলম্ব হওয়া নিয়ে প্রশ্ন তুলে শফিকুর রহমান বলেন, “এখন পর্যন্ত বেশ কিছু আসনে আমাদের জানা মতে আমরা এগিয়ে আছি এবং গণনাও কমপ্লিট, কিন্তু স্থানীয়ভাবে যারা রিটার্নিং অফিসার আছেন তারা ঘোষণা দিচ্ছেন না, ঝুলিয়ে রেখেছেন। আমরা বুঝতে পারছি না এটা কেন?”
“ওয়েবসাইটে কে কয়টা আসন পেয়েছে সেটা দেওয়া হলো, মাঝখান থেকে উধাও হয়ে গেলো, আবার নাই। আমাদের লোকদের বসিয়ে রাখা হলো দীর্ঘসময়। এই একটু আগে ১০টা ১২টা কেন্দ্রের বেসরকারি ফলাফল ঘোষণা করেছেন,” বলেন তিনি।
ফলাফল বিলম্ব প্রসঙ্গে জামায়াত আমির বলেন, “এই যে কিছু আসনে ইঁদুর বিড়াল খেলা। এমনকি ঢাকা-৮ আসন এখনো ঝুলে থাকবে কেন? সেখানে কী হচ্ছে? এগিয়ে থাকার পরও ফল ঘোষণা দিচ্ছেন না কেন? এটা আপনারা সাংবাদিকরা জানেন। এই বিষয়গুলো সুস্থ ধারার রাজনীতির পরিচয় বহন করে না।”
দ্রুত পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘‘নির্বাচন কমিশন আশ্বাস দিয়েছে তারা ১৩ তারিখের মধ্যে পূর্ণাঙ্গ ফলাফল জানাবে। আমরা সেটা দেখার অপেক্ষায় আছি, তারা দেন কি না। যদি দিয়ে থাকেন ভালো। না দিলে আমরা সঙ্গত সীমা পর্যন্ত অপেক্ষা করবো।’’
নির্বাচনি আচরণ ইতিবাচক রাখবেন জানিয়ে তিনি বলেন, “আমরা ইতিবাচক ধারার রাজনীতি করতে চাই। রাজনীতি যদি দেশের মানুষের জন্য হয় তাহলে এটা মেনে নিতে হবে। পাস করার গ্যারান্টি নিয়ে কোনো রাজনীতি হয় না।”
এই সামগ্রিক বিষয়গুলো খতিয়ে দেখে নিজেদের চূড়ান্ত দৃষ্টিভঙ্গী শুক্রবার প্রকাশ করার কথাও জানান জামায়াত আমির।
ঢাকা/নঈমুদ্দীন//