গঠিত হচ্ছে ৫০ সদস্যের মন্ত্রিসভা
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
সংসদ সদস্য হিসেবে মঙ্গলবার বেলা পৌনে ১১টায় শপথ নেন বিএনপির নির্বাচিতরা।
বিএনপি নেতৃত্বে গঠিত হচ্ছে প্রধানমন্ত্রীসহ ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা। এতে ২৫ জন পূর্ণ মন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী রয়েছেন।
মন্ত্রিপরিষদ বিভাগের সূত্রে জানা গেছে, নতুন মন্ত্রিসভার সদস্যরা মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নেবেন।
এখন পর্যন্ত যারা মন্ত্রী হিসেবে ডাক পেয়েছেন, তারা হলেন- মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, আবু জাফর জাহিদ হোসেন, খলিলুর রহমান, আব্দুল আউয়াল মিন্টু, মোফাজ্জল হোসেন কায়কোবাদ, মিজানুর রহমান মিনু, নিতাই রায় চৌধুরী, আব্দুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, জহির উদ্দিন স্বপন, আমিনুর রশিদ, আফরোজা রিতা, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, আসাদুল হাবিব দুলু, মো. আসাদুজ্জামান, জাকারিয়া তাহের, দীপেন দেওয়ান, আ ন ম এহছানুল হক মিলন, কায়সার সাখাওয়াত হোসেন, ফকির মাহবুব আনাম ও শেখ রবিউল আলম।
প্রতিমন্ত্রী হিসেবে ডাক পেয়েছেন হলেন- এম রশিদুজ্জামান মিল্লাত, অনিন্দ্য ইসলাম অমিত, মো. শরিফুল আলম, শামা ওবায়েদ ইসলাম, সুলতান সালাউদ্দিন টুকু, কায়সার কামাল, ফরহাদ হোসেন আজাদ, আমিনুল হক (টেকনোক্র্যাট), মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, হাবিবুর রশীদ, মো. রাজিব আহসান, মো. আব্দুল বারী, মীর শাহে আলাম, জোনায়েদ সাকি, ইশরাক হোসেন, ফারজানা শারমিন, শেখ ফরিদুল ইসলাম, নুরুল হক, ইয়াসের খান চৌধুরী, এক ইকবাল হোসেইন, এম এ মুহিত, আহমেদ সোহেল মঞ্জুর, ববি হাজ্জাজ, আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম।
মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে প্রথমে বিএনপি থেকে জয়ী প্রার্থীরা শপথ গ্রহণ করেন। এরপরই জামায়াতের নির্বাচিত সংসদ সদস্যদের শপথ নেওয়ার কথা ছিল। বিএনপির নির্বাচত সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ না করায় জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সংসদ সদস্যরা এ বিষয়ে সিদ্ধান্ত নিতে জরুরি বৈঠকে বসেন। পরে সংশয় কাটিয়ে শপথ নেন জামায়াতের নির্বাচিত প্রার্থীরা।
এসময় সংসদ সদস্য হিসেবে শপথ নেন স্বতন্ত্র প্রার্থীরা। তবে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি স্বতন্ত্র হিসেবে নির্বাচিত এমপি রুমিন ফারহানা। দেরিতে আসায় ইশরাক হোসেন জামায়াত এমপিদের সঙ্গে শপথ নেন। তবে তিনিও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি। প্রথম শপথগ্রহণ অনুষ্ঠান শেষ হলে তারা সভাস্থল ত্যাগ করেন।
দুপুর ১টার পর জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জয়ী প্রার্থীরা। প্রথমে সংসদ সদস্য হিসেবে তাদের শপথ পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। এরপর সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন এনসিপির সংসদ সদস্যরা।
ঢাকা/এএএম/মাসুদ