ঢাকা     মঙ্গলবার   ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রমজানে প্রিমিয়ার লিগে মুসলিম খেলোয়াড়দের জন্য থাকবে বিরতি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১২, ১৭ ফেব্রুয়ারি ২০২৬  
রমজানে প্রিমিয়ার লিগে মুসলিম খেলোয়াড়দের জন্য থাকবে বিরতি

রমজান মাসজুড়ে আবারও মানবিক উদ্যোগ নিল ইংলিশ প্রিমিয়ার লিগ। সূর্যাস্তের সময় রোজা ভাঙার সুযোগ দিতে ম্যাচ চলাকালে মুসলিম খেলোয়াড়দের জন্য সংক্ষিপ্ত বিরতি রাখা হবে। এমন সিদ্ধান্তই জানাল ইংল্যান্ডের শীর্ষ ফুটবল লিগ কর্তৃপক্ষ।

এই উদ্যোগটি প্রথম চালু হয় ২০২১ সালে, ইংলিশ ফুটবলের বিভিন্ন স্তরে। খেলার স্বাভাবিক ছন্দ অক্ষুণ্ণ রেখে গোল-কিক বা থ্রো-ইনের মতো স্বাভাবিক বিরতির মুহূর্তে অল্প সময়ের জন্য খেলা থামানো হবে, যাতে খেলোয়াড়রা পানি ও প্রয়োজনীয় শক্তিবর্ধক গ্রহণ করে রোজা ভাঙতে পারেন।

আরো পড়ুন:

প্রথমবার এই দৃশ্য দেখা যায় ২০২১ সালের এপ্রিল মাসে, লেস্টার সিটি ও ক্রিস্টাল প্যালেসের ম্যাচে। গোল-কিকের সময় অল্প বিরতিতে লেস্টারের ওয়েসলি ফোফানা ও প্যালেসের শেইখু কুয়াতে রোজা পালন শেষে মাঠেই পানীয় পান করেন। সেই উদ্যোগ ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল খেলোয়াড়, কোচ ও সমর্থকদের কাছ থেকে।

লিগ কর্তৃপক্ষের ভাষ্য, খেলোয়াড়রা যেন ধর্মীয় দায়িত্ব পালনের পাশাপাশি সর্বোচ্চ পারফরম্যান্স ধরে রাখতে পারেন- সেই লক্ষ্যেই এই ব্যবস্থা। বিরতিগুলো হবে খুবই সংক্ষিপ্ত এবং এমনভাবে পরিচালিত হবে যাতে ম্যাচের গতি বা উত্তেজনায় ব্যাঘাত না ঘটে।

বিশ্বজুড়ে মুসলিমদের জন্য রমজান একটি পবিত্র মাস। ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা, ইবাদত ও আত্মসমালোচনার সময়। সন্ধ্যার ম্যাচে অংশ নেওয়া খেলোয়াড়দের জন্য সূর্যাস্তে রোজা ভাঙা অপরিহার্য। তাই এই সংক্ষিপ্ত বিরতিগুলো শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং প্রয়োজনীয় সহমর্মিতারই প্রতিফলন।

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়