ঢাকা     সোমবার   ০৪ মে ২০২৬ ||  বৈশাখ ২১ ১৪৩৩ || ১৭ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

স্ট্রবেরি চাষে স্বাবলম্বী হওয়ার স্বপ্নে ৩ যুবক

তানজিমুল হক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৪৯, ২১ ফেব্রুয়ারি ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
স্ট্রবেরি চাষে স্বাবলম্বী হওয়ার স্বপ্নে ৩ যুবক

জমি থেকে স্ট্রবেরি ফল তুলছেন রজব আলী

তানজিমুল হক
রাজশাহী, ২১ ফেব্রুয়ারি : রাজশাহীর গোদাগাড়ীতে স্ট্রবেরি চাষ করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন তিন যুবক। তাদের দেখে এলাকার অন্যরাও এ ফলটি চাষের প্রতি আগ্রহী হয়ে উঠছেন।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা গেছে, উপজেলার দেওপাড়া ও মহিশালবাড়ী এলাকায় প্রায় সাত বিঘা জমিতে প্রথমবারের মতো স্ট্রবেরি চাষ করেছেন তিন যুবক।

উপজেলার চৈতন্যপুর গ্রামের মনিরুল ইসলাম এ বছর ৬ বিঘা জমি বর্গা নিয়ে স্ট্রবেরি চাষ করেছেন। তিনি বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের শিক্ষক অধ্যাপক মঞ্জুরুল হোসেনের কাছ থেকে পরামর্শ ও তিন মাসের প্রশিক্ষণ নিয়ে রাজশাহীর পবা এলাকায় চার কাঠা জমিতে গত বছর স্ট্রবেরি চাষ করি। প্রথম বছরেই কয়েক লাখ টাকা আয় হয়। কিন্তু চলতি বছর তাপমাত্রা বেশি থাকার কারণে স্ট্রবেরি ফল উৎপাদন কিছুটা কম হচ্ছে। প্রতিবিঘায় ৮০ হাজার থেকে ১ লাখ টাকা খরচ হয়েছে। তারপরেও এ বছর কয়েক লাখ টাকা আয় হবে বলে আশা করছি।

উপজেলার মহিশালবাড়ী গ্রামের রজব আলী চার কাঠা জমিতে স্ট্রবেরি ফল চাষ করেছেন। গাছ ও ফলফুল ভালো  থাকার কারণে সপ্তাহে দুইবার ৩০ থেকে ৪০ কেজি স্ট্রবেরি ফল উৎপাদন হচ্ছে। প্রতিকেজি ৩শ টাকা দরে বাজারে বিক্রি হচ্ছে। তবে গোদাগাড়ীর স্থানীয় বাজারে স্ট্রবেরি ফল বিক্রি না হলেও রাজশাহী শহরের বিভিন্ন চাইনিজ রেস্টুরেন্টে এ ফলের বেশ চাহিদা রয়েছে।

চৈতন্যপুর গ্রামের মাইনুল হোসেন ১২ কাঠা জমিতে চলতি বছর স্ট্রবেরি চাষ করেছেন। সপ্তাহে তিনিও দুইবার জমি থেকে ৫৫ থেকে ৬০ কেজি পর্যন্ত স্ট্রবেরি ফল তুলছেন। তাপমাত্রা কিছুটা কমলে স্ট্রবেরি ফলের উৎপাদন আরো বেশি হবে বলে তিনি জানান।

এ প্রসঙ্গে উপজেলা কৃষি কর্মকর্তা ড. সাইফুল আলম বলেন, স্ট্রবেরি ফল বিভিন্ন খাবারে ব্যবহারের পাশাপাশি জেলি, কেক, ওষুধ ও সাবানসহ প্রসাধনীতে ব্যবহার হচ্ছে। এর ফলে এ ফলের চাহিদা দিন দিন বাড়ছে। আর তাছাড়া এটি লাভজনক ফসল হওয়ার কারণেই কৃষকরা স্ট্রবেরি চাষের দিকে ঝুঁকছেন। তবে স্ট্রবেরি চাষ করতে শিক্ষিত যুবকরাই বেশি আগ্রহী। এ কারণে বেকার শিক্ষিত যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। ইতোমধ্যেই স্ট্রবেরি চাষের বিষয়ে কৃষক ও বেকার যুবকদের কৃষি সম্প্রসারণ অধিদফতরের পক্ষ থেকে প্রশিক্ষণ দেয়া শুরু হয়েছে। ফলে আগামীতে এ অঞ্চলে ব্যাপক হারে স্ট্রবেরি চাষ হওয়ার সম্ভাবনার কারণে অর্থনৈতিক দৃশ্যপট পাল্টে যাবার সম্ভাবনা সৃষ্টি হয়েছে।

 

 

রাইজিংবিডি / রণজিৎ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়