জনসেবা নিশ্চিতে ৫শ কোটি টাকা চাইলেন আনিসুল
হাসনাত || রাইজিংবিডি.কম
বিশেষ প্রতিবেদক : জনসেবা নিশ্চিত করতে ৫শ কোটি টাকা থোক বরাদ্দ চেয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এছাড়াও নিজস্ব ভবন নির্মাণে সরকারের সহযোগিতা চেয়েছেন ডিএনসিসি’র মেয়র আনিসুল হক।
রোববার বিকেলে সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে দেখা করে মেয়র আনিসুল হক এ দাবি জানান। এ সময় অর্থমন্ত্রী ফুলের তোড়া দিয়ে নবনির্বাচিত মেয়রকে বরণ করে নেন। ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী পরিচালক বিএম এনামুল হক এ সময় উপস্থিত ছিলেন।
অর্থমন্ত্রী জানান, মেয়র আনিসুল হক সিটি করপোরেশনের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেছেন। বিশেষ করে তাৎক্ষনিক কাজের জন্য তারা বেশ কিছু থোক বরাদ্দ চেয়েছে। হয়তো বর্তমান সমস্যা সমাধানে কিছু বরাদ্দ দেওয়া হবে। তবে কত দেওয়া হবে তা এ মূহুর্তে বলা যাচ্ছে না। ঢাকা উত্তর সিটি করপোরেশনের কোন নিজস্ব ভবন নাই। তারা এখানে সেখানে কাজ করছে। তাদের নিজস্ব ভবন নির্মাণের জন্য বরাদ্দ দেওয়া হবে।
মেয়র আনিসুল হক বলেন, অর্থমন্ত্রীর সঙ্গে ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসেবা নিশ্চিত করার বিষয়ে আমাদের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেছি। বিশেষ করে ঢাকা উত্তর সিটি করপোরেশনের বর্তমান আর্থিক অবস্থা তুলে ধরে থোক বরাদ্দ চেয়েছি। অর্থের অভাবে নগরীর বর্জ্য অপসারণ, পরিচ্ছন্নতা কর্মকান্ড পরিচালনা, রাস্তা সংস্কারসহ বিভিন্ন কাজ করা দুস্কর হয়েছে। এসব কাজের জন্য সরকারের সহযোগিতা চেয়েছি।
সিটি করপোরেশনে দূর্নীতি সম্পর্কে এক প্রশ্নের জবাবে মেয়র আানিসুল হক বলেন, দুর্নীতির সঙ্গে কোন ধরনের আপোষ করা হবে না। দূর্নীতির সুনিদ্দিষ্ট অভিযোগ পেলে এবং তা প্রমানিত হলে দুর্নীতিবাজের বিরুদ্ধে কঠিন শাস্তির ব্যবস্থা নেওয়া হবে।
রাইজিংবিডি/১৭ মে ২০১৫/হাসনাত/নওশের
রাইজিংবিডি.কম