ঢাকা     রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাবা হতে যাচ্ছেন হার্দিক পান্ডিয়া

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৬, ৩১ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
বাবা হতে যাচ্ছেন হার্দিক পান্ডিয়া

ভারতীয় ক্রিকেট দলের বিধ্বংসী অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া বাবা হতে চলেছেন। সামাজিক যোগাযোগের মাধ্যম ইনস্টাগ্রামে বাগদত্তা স্ত্রী নাতাশা স্টানকোভিচের সঙ্গে কয়েকটি অসাধারণ ছবি শেয়ার করার মাধ্যমে এই তথ্য জানিয়েছেন হার্দিক নিজেই।

গত বছরের শুরুতে ২৬ বছর বয়সী এই ক্রিকেটার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের বাগদানের বিষয়টি নিশ্চিত করেন। নাতাশার আঙুলে রিং পরানোর পাশাপাশি দুজনের চুম্বনের ছবি প্রকাশ করে সে বিষয়ে ভক্তদের নিশ্চিত করেন হার্দিক। যা সে সময়ে ব্যাপক সাড়া ফেলেছিলো। কারণ এর আগে দীর্ঘ সময় শারীরিক ভাবে অসুস্থ ছিল হার্দিক। ফলে হুট করে তাঁর বাগদানের বিষয় আলোড়িত করেছিল ক্রিকেট মহলকে।

আজ ৩১ মে (রোববার) নাতাশাকে নিয়ে ইনস্টাগ্রামে ছবির পাশাপাশি ক্যাপশনে নিজেদের অনাগত সন্তানের বিষয় খোলাশা করেন হার্দিক। ভারতীয় এই ক্রিকেটার নিজের ক্যাপশনে লিখেন, ‘নাতাশা আর আমি একসঙ্গে অসাধারণ এক পথ চলেছি এবং আমাদের এই যাত্রা আরও ভালো হতে চলেছে। আমরা খুব আনন্দের সাথে জানাচ্ছি, আমাদের জীবনে একটি নতুন জীবনকে স্বাগত জানাতে চলেছি আমরা। আমাদের জীবনের এই নতুন পর্যায়ে এসে আমরা খুব রোমাঞ্চ অনুভব করছি। আর আপনাদের সবার শুভেচ্ছা কামনা করছি।’

সার্বিয়ান বংশোদ্ভুত বলিউড নায়িকা নাতাশা দীর্ঘদিন ধরে হার্দিকের সঙ্গে সম্পর্কে আছেন। তাদের বাগদানের বিষয়টি প্রকাশ্যে আসার পর দুইজনই নিজেদের সম্পর্ক সম্বন্ধে বেশ খোলামেলা থেকেছেন। হার্দিক দিওয়ালির সময় নাতাশাকে তাঁর পরিবারের সঙ্গেও পরিচয় করিয়ে দিয়েছেন।


ঢাকা/কামরুল

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়