ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মেসিকে পেতে হলে ৭০০ মিলিয়ন ইউরো খরচ করতে হবে: লা লিগা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৯, ৩০ আগস্ট ২০২০   আপডেট: ০৬:৪১, ৩১ আগস্ট ২০২০
মেসিকে পেতে হলে ৭০০ মিলিয়ন ইউরো খরচ করতে হবে: লা লিগা

শেষ পর্যন্ত স্প্যানিশ ফুটবল গভর্নিং বডি, লা লিগা কর্তৃপক্ষকেও যুক্ত হতে হয়েছে লিওনেল মেসি-বার্সেলোনা ইস্যুতে। মেসির দলবদল নিয়ে রোববার (৩০ আগস্ট) এক বিবৃতি দিয়েছে লা লিগা কর্তৃপক্ষ। যেখানে তারা জানিয়ে দিয়েছে, মেসিকে অন্য কোন ক্লাব দলে নিতে হলে বার্সেলোনাকে রিলিজ ক্লজের পুরো ৭০০ মিলিয়ন ইউরো পরিশোধ করতে হবে।

লা লিগার বিবৃতিতে বলা হয়েছে, ‘এফসি বার্সেলোনার সঙ্গে খেলোয়াড় লিওনেল আন্দ্রেস মেসির চুক্তি নিয়ে উদ্ভুত যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে; সেটি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সাম্প্রতিক সময়ে বিভিন্ন ব্যাখ্যা প্রদান করেছে। (তাদের মধ্যে কিছু ব্যাখ্যা পরস্পর বিরোধী) লা লিগা এই বিষয়টি স্পষ্ট করে জানাতে চায় মেসির সঙ্গে তার ক্লাবের চুক্তি অনুযায়ী;

চুক্তিটি বর্তমানে কার্যকর রয়েছে এবং লিওনেল আন্দ্রেস মেসি একতরফাভাবে চুক্তির সমাপ্তিকে সক্রিয় করার সিদ্ধান্ত নিয়েছেন। এই চুক্তির সঙ্গে একটি ‘শর্ত’ প্রযোজ্য। প্রযোজ্য বিধিমালার সঙ্গে সম্মতি রেখে এবং এই ক্ষেত্রে সংশ্লিষ্ট পদ্ধতি অনুসরণ করে, লা লিগা ফেডারেশন খেলোয়াড়ের চলে যাওয়ার প্রক্রিয়াটি পর্যবেক্ষণ করবে না। যদি তারা উল্লিখিত রিলিজ ক্লজের পরিমাণ পরিশোধ করে থাকে।’

২০১৭ সালে মেসির সঙ্গে সবশেষ চুক্তি হয়েছিল বার্সেলোনার। সে চুক্তির শর্ত অনুযায়ী, মেসি চাইলে আসন্ন মৌসুম শুরু হওয়ার আগে স্বেচ্ছায় চুক্তি বাতিল করতে পারেন। মেসির আইনজীবী সেই শর্তটিই সামনে নিয়ে আসছেন। সেক্ষেত্রে মেসি ফ্রি ট্রান্সফারে অন্য দলে চলে যেতে পারতো।

তবে বার্সেলোনা বলছে মেসির সঙ্গে ক্লাবের চুক্তির মেয়াদ বাকি ১২ মাসেরও কম সময়। স্বেচ্ছায় বার্সা ছাড়তে চাইলে চলে যাওয়ার বিষয়টি নিয়ম অনুযায়ী ক্লাবকে আরও আগেই জানানোর কথা মেসির। সেটি করতে ব্যর্থ হওয়ায় মেসিকে কোনো ক্লাব কিনতে চাইলে রিলিজ ক্লজ পরিশোধ করতে হবে। আর লা লিগা নিজেদের বিবৃতিতে বার্সার এই কথার সঙ্গে সুর মিলিয়েছে।

এদিকে দুই পক্ষের মধ্যে ভবিষ্যৎ কি হবে, সেটি নিশ্চিত হওয়া না গেলেও মেসি আজ বার্সেলোনার প্রি সিজন ট্রেনিং সেশনে অংশ না নিয়ে নিজের বার্তা জানিয়ে রাখলেন। তিনি কোনোভাবেই আর ফিরতে চাইছেন না বার্সেলোনায়। তবে সময়ের সঙ্গে পরিস্থিতি আরও ঘোলাটে হচ্ছে। আগামী কয়েকদিনেও নিরসন হওয়ার সুযোগ কম।

ঢাকা/কামরুল

সর্বশেষ

পাঠকপ্রিয়