ঢাকা     মঙ্গলবার   ২৪ মার্চ ২০২৬ ||  চৈত্র ১১ ১৪৩২ || ৪ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

৫০০ ম্যাচ খেলেছি, যে কাউকে সাহায্য করতে পারি: সৌরভ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০০, ২৯ সেপ্টেম্বর ২০২০  
৫০০ ম্যাচ খেলেছি, যে কাউকে সাহায্য করতে পারি: সৌরভ

বর্তমানে ভারতীয় ক্রিকেটের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি হচ্ছেন সৌরভ গাঙ্গুলি। বিসিসিআইয়ের সভাপতির পদে আসীন হওয়ায় অনেক নিয়ম মেনে চলা লাগে সাবেক এই ভারতীয় ক্রিকেটারকে। চাইলেও আইপিএলের কোনো অধিনায়ককে সাহায্য করার সুযোগ নেই তার। কিন্তু দিল্লি ক্যাপিট্যালসের অধিনায়ক শ্রেয়াস আইয়ারকে সাহায্য করাকে ঘিরে বিতর্ক সৃষ্টি হয়েছে সৌরভকে নিয়ে।

সৌরভ নিজে বিশ্বাস করেন, বোর্ড প্রধানের আগে ভারত জাতীয় দলের সাবেক ক্রিকেটার তিনি। আর তাই চাইলে যে কোনো ক্রিকেটারকে; যে কোনো অবস্থায় সাহায্য করতে পারেন তিনি, এভাবেই তার বিরুদ্ধে চলমান বিতর্কের উত্তর দিলেন সৌরভ।

আরো পড়ুন:

এবারের আইপিএলে নিজেদের প্রথম ম্যাচ জেতার পর একটি মন্তব্য করেছিলেন শ্রেয়াস আইয়ার। যেখানে তরুণ এই ব্যাটসম্যান নিজের এগিয়ে চলার পথে সহায়তার জন্য দলের প্রধান কোচ রিকি পন্টিংয়ের পাশাপাশি কৃতিত্ব দেন সৌরভের অবদানকে।

শ্রেয়াসের মন্তব্যের পর থেকেই প্রশ্ন উঠতে থাকে, একজন বোর্ড প্রধান হয়ে বোর্ডের আয়োজিত টুর্নামেন্টে কোনো অধিনায়ককে তিনি সাহায্য করতে পারেন কিনা। অনেকেই এখানে খুঁজে পাচ্ছেন স্বার্থের সংঘাত।

এই বিতর্ক নিয়ে সৌরভ একটি প্রচারণামূলক অনুষ্ঠানে বলেন, ‘আমি ওকে সহায়তা করেছি গত বছর। হতে পারি আমি বোর্ড সভাপতি, তবে এটাও ভুলে যাবেন না, ভারতের হয়ে আমি ৫০০ ম্যাচ খেলেছি (আসলে ৪২৪ টি)। তরুণ কোনো ক্রিকেটার বা যে কাউকে আমি সাহায্য করতেই পারি। সেটা শ্রেয়াস আইয়ার হোক বা বিরাট কোহলি, সাহায্য কেউ চাইলে আমি করতেই পারি।’

এদিকে শ্রেয়াস নিজেও এই বিতর্ক নিয়ে মুখ খুলেছেন। জানিয়েছেন, বর্তমান বোর্ড প্রধান গত বছর তাকে সাহায্য করেছিলেন। সেসময় বোর্ড প্রধানের দায়িত্ব পাননি সৌরভ। সেই কারণেই তার নাম সামনে এনেছেন তিনি। টুইটারে দিল্লি অধিনায়ক বলেন, ‘তরুণ অধিনায়ক হিসেবে, গত মৌসুমে আমার পথচলায় সহায়তার জন্য রিকি (পন্টিং) ও দাদার (সৌরভ) কাছে আমি কৃতজ্ঞ। অধিনায়ক হিসেবে আমার এগিয়ে চলায় তাদের অবদানের প্রতি কৃতজ্ঞতা জানানোর জন্যই ছিল আমার ওই মন্তব্য।’

ঢাকা/কামরুল

সর্বশেষ

পাঠকপ্রিয়