ঢাকা     রোববার   ০৫ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২৩ ১৪৩২ || ১৭ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

কোমর নিয়ে কোণঠাসা তামিম, লিটন-নাঈমের মৃদু চোট

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৪, ২২ জুন ২০২৩   আপডেট: ২০:০৮, ২২ জুন ২০২৩
কোমর নিয়ে কোণঠাসা তামিম, লিটন-নাঈমের মৃদু চোট

ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের কোমরের চোট যেন পিছু ছাড়ছে না। আফগানিস্তানের বিপক্ষে এই কারণে খেলতে পারেননি একমাত্র টেস্ট। ওয়ানডে সিরিজের আগে অনুশীলনে বারবার কোমর নিয়ে কসরত করতে দেখা গেছে অনুশীলনে। ব্যাটিং অনুশীলনে এমন সমস্যার পর ফিল্ডিং করতে গিয়ে মাঠই ছাড়েন তামিম।

বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাদা বলের অনুশীলনে আজ এসব দৃশ্য দেখা গেছে। তবে শুধু তাই নয় এদিন মৃদু চোট পান দুই ওপেনার লিটন দাস ও মোহাম্মদ নাঈম শেখও। যদিও টিম ম্যানেজম্যান্ট সূত্র নিশ্চিত করেছে এ দুজনের চোট অতটা গুরতর নয়।

আরো পড়ুন:

নেটে ব্যাটিংয়ের সময় একটি বল আঘাত করে নাঈমের হাঁটুর একটু উপরে। আর লিটন আঘাত পান থ্রো-ডাউন স্পেশালিস্টের বিপক্ষে ব্যাটিংয়ের সময়। একটি বল লিটনের ডানহাতে আঘাত করে। লিটন আঘাত পেলে তাকে পর্যবেক্ষণ করেন জাতীয় দলের ফিজিও মোজাদ্দেদ আলফা সানি। এই আঘাতের পর লিটন আর ব্যাটিংয়ে নামেননি।

এর আগে ব্যাটিংয়ের সময় ফিজিও সানিকে দেখা গেছে লিটনকে নিয়ে কাজ করতে। নেটে ব্যাটিংয়ের সময় ঘাড়ে ব্যথা অনুভব করেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। এরপর সানি এসে কিছুক্ষণ মাসাজ করে দেন। শ্যাডো ব্যাটিং করে লিটন তখন বোঝার চেষ্টা করছিলেন তিনি ঠিক আছেন কি না। এরপর যদিও ব্যাটিং করেছেন লিটন, কিন্তু বলের আঘাতে ইতি ঘটে অনুশীলনের।

আজ দুপুর ২টা থেকে অনুশীলন শুরু হয়। যদিও এর আগে থেকেই ক্রিকেটাররা আসতে থাকেন। একাডেমি মাঠের নেটগুলোতে চলতে থাকে নিবিড় অনুশীলন। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দলে না থাকলেও সৌম্য সরকার আজও অনুশীলনে নিবিড় পর্যবেক্ষণে ছিলেন। নেটে লম্বা সময় ধরে অনুশীলন করেন তিনি। এ ছাড়া আফিফ হোসেন, মুশফিকুর রহিম, শামীম পাটোয়ারীরা ঘাম ঝরান।

পেসাররাও ঘাম ঝরিয়েছেন সমানতালে। একই নেটে তাসকিন আহমেদ-মোস্তাফিজুর রহমান বোলিং করেন বেশকিছুক্ষণ। আরেকটি নেটে বোলিং করেন হাসান মাহমুদ-শরিফুল ইসলাম। মোস্তাফিজকে দেখা গেছে বেশ আত্মবিশ্বাসী।

তামিম-লিটনদের বোলিংয়ে জন্য অনুশীলন শুরুর কিছুক্ষণ পর আসেন কামরুল ইসলাম রাব্বী। তিনি এরপর টানা বোলিং করে যান। এ ছাড়া তিনজন লেগ স্পিনার ছিলেন আজকের অনুশীলনে। আফগানিস্তানের বিপক্ষে রশিদ খানরা হয়ে উঠতে পারেন বড় হুমকি। তাই হয়তো টিম ম্যানেজম্যান্ট ক্রিকেটারদের প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখতে চাইছে না।

অনুশীলনের শেষ দিকে পর্যবেক্ষণে আসেন জাতীয় নির্বাচক হাবিবুল বাশার সুমন। একাডেমি মাঠের নেটে যখন ক্রিকেটাররা ব্যস্ত ছিলেন তখন বাশারকে ফিজিও সানির সঙ্গে কথা বলতে দেখা গেছে। জুলাইয়ের ৫ তারিখ থেকে চট্টগ্রামে শুরু হবে ওয়ানডে সিরিজ। এর আগে লিটন-নাঈমদের এমন চোট হয়তো ভাবাচ্ছে ম্যানেজম্যান্টকে।

রিয়াদ/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়